ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে টিকিটের উচ্চমূল্য, ভিসা জটিলতা এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি নিয়ে যখন বিশ্বজুড়ে সমালোচনা চলছে, তখন ফুটবলভক্তদের ‘চিল’ থাকার পরামর্শ দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্বকাপের ২৩তম আসরকে ঘিরে নানা অনিশ্চয়তা ও বিতর্কের মধ্যেই বুধবার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ফিফা প্রধান। মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্ট।
টিকিটের মূল্য নির্ধারণ পদ্ধতি নিয়ে সমালোচনার জবাবে ইনফান্তিনো বলেন, টিকিট বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট বাজারে কম দামে বিক্রি করলে তা সেকেন্ডারি মার্কেটে কয়েক গুণ বেশি দামে বিক্রি হয়ে যেত। তাঁর দাবি, এতে ফুটবলের বদলে মধ্যস্বত্বভোগীরাই লাভবান হতো।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে টিকিট বিক্রি নিয়ে চলমান তদন্ত নিয়ে ফিফা উদ্বিগ্ন নয়। বরং সব ধরনের আইনি প্রক্রিয়াকে স্বাগত জানানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ফিফা সভাপতির ভাষ্য, টিকিট বিক্রির আগে সব প্রক্রিয়া আইনজীবী ও বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হয়েছে। তাই কোনো অনিয়ম হয়ে থাকলে তা সংশ্লিষ্ট সব পক্ষের ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে।
এদিকে টুর্নামেন্ট শুরুর আগে ভিসা জটিলতা এবং যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ির কারণে বিভিন্ন দলের সমর্থক ও স্টাফদের ভোগান্তির অভিযোগ উঠেছে। কিছু ক্ষেত্রে রেফারি ও দর্শকদের নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।
এসব বিষয়ে ইনফান্তিনো বলেন, ফিফা সবকিছু নিয়ন্ত্রণ করে না। সরকার ও নিরাপত্তা সংস্থার সিদ্ধান্তকে সম্মান করতে হয়। কিছু বিষয়ে অপেক্ষা ও সমন্বয়ের প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিশ্ব এখন একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং নিরাপত্তা সবকিছুর ঊর্ধ্বে। ফিফা পর্দার আড়ালে থেকে সমাধানের চেষ্টা করছে।
ইরানকে বিশ্বকাপে অংশ নিতে সহযোগিতা করার বিষয়টি উল্লেখ করে ফিফা সভাপতি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন ছিল। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতার প্রশংসা করেন।
টিকিট ও আয়সংক্রান্ত প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, বিশ্বকাপকে সম্পূর্ণ বাণিজ্যিকভাবে সীমাবদ্ধ করলে আয় অনেক বাড়তে পারত, তবে এতে কোটি কোটি দর্শক খেলা দেখা থেকে বঞ্চিত হতো।
সবশেষে তিনি বলেন, ফুটবল একটি বৈশ্বিক আয়োজন, তাই বাস্তবতা বিবেচনা করে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করাই সবচেয়ে ভালো পথ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!