খেলাধুলা

কাতারের নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

আপডেট: জুন ১১, ২০২৬ : ০৫:৫৫ এএম
কাতারের নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক নারী ক্রিকেটার ফাতেমা তুজ জোহরা।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও জাতীয় দলে দীর্ঘমেয়াদে জায়গা করে নিতে পারেননি তিনি। তিনটি ওয়ানডে ম্যাচ খেলার পরই ক্রিকেটার জীবন থেকে সরে দাঁড়িয়ে কোচিং পেশায় মনোযোগ দেন ফাতেমা।

এরপর দীর্ঘদিন বিকেএসপিতে কাজ করে কোচিং ক্যারিয়ারে নিজেকে গড়ে তোলেন তিনি। ২০১১ সালে বাংলাদেশ নারী দলের সহকারী কোচ হিসেবে স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেন। পরে ২০১৭ সালে স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবেও কাজ করেছেন জাতীয় দলের সঙ্গে।

দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক পর্যায়েও অভিজ্ঞতা অর্জন করেন ফাতেমা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে চুক্তিভিত্তিক কোচিং করার মাধ্যমে তিনি তার পেশাগত পরিসর আরও বিস্তৃত করেন।

২০২২ সালে বিকেএসপি থেকে বিদায় নিয়ে মালদ্বীপ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। টানা দুই বছর সেখানে কাজ করে দলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

পরে ২০২৪ সালের আগস্টে চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ এবার কাতার নারী দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন বাংলাদেশের এই সাবেক ক্রিকেটার।

ফাতেমা তুজ জোহরা বলেন, সুযোগ পেলে ভবিষ্যতে আবারও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কাজ করতে চান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!