খেলাধুলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

আপডেট: জুন ১২, ২০২৬ : ০৫:৩৪ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশেষে ইতিহাস গড়ল বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ জয়ের কীর্তি গড়েছে টাইগাররা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৫ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচেও বৃষ্টি আইনে ৮৬ রানের বড় জয় পেয়েছিল স্বাগতিকরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে মেহেদী হাসান মিরাজের দল।

এর মাধ্যমে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ইংল্যান্ড ছাড়া বাকি সব দলের বিপক্ষেই অন্তত একবার ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের প্রথম দুই ওভারের মধ্যেই কোনো রান না তুলেই হারিয়ে ফেলে তিন উইকেট। তাসকিন আহমেদ ফিরিয়ে দেন ম্যাথু শর্টকে, আর মুস্তাফিজুর রহমান পরের ওভারে ফেরান কুপার কনোলি ও ম্যাট রেনশকে।

ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো শূন্য রানে প্রথম তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া।

চাপের মুখে দলকে টেনে তোলার চেষ্টা করেন জশ ইংলিশ ও অ্যালেক্স ক্যারি। তবে তাদের জুটি বড় হতে দেননি মুস্তাফিজ। পরে ইংলিশ ও ক্যামেরুন গ্রিনের প্রতিরোধও ভেঙে দেন স্পিনার তানভীর ইসলাম।

৮১ রানে ৬ উইকেট হারানোর পর মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। সপ্তম উইকেটে দুজনের ১০৩ রানের জুটি দলকে বিপর্যয় থেকে উদ্ধার করে। বার্টলেট ৫২ ও লাবুশেন অপরাজিত ৫৫ রান করেন।

তবে বৃষ্টির কারণে খেলা দীর্ঘ সময় বন্ধ থাকায় অস্ট্রেলিয়ার ইনিংস আর এগোয়নি। ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানেই থেমে যায় তাদের ইনিংস। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।

বল হাতে বাংলাদেশের হয়ে তাসকিন ও মুস্তাফিজ ৩টি করে উইকেট নেন। তানভীর ইসলাম শিকার করেন ২ উইকেট।

জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। তবে এরপর নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের ৮৬ রানের জুটি স্বাগতিকদের ম্যাচে ফেরায়।

সৌম্য ও শান্ত দুজনই ৪২ রান করে আউট হলেও তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং বাংলাদেশকে জয়ের পথে রাখে। লিটন দাস ২১ ও মোসাদ্দেক হোসেন ১৫ রান করে ফিরলেও হৃদয় শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন হৃদয়। মিরাজের ছক্কায় ৩৬ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।

হৃদয় ৫৫ বলে অপরাজিত ৪০ রান করেন। মিরাজ ২২ বলে করেন ২২ রান।

ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান।

আগামী ১৪ জুন মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!