২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আসরে পারফরম্যান্সে দর্শক মাতালেও পপ তারকা শাকিরাকে ঘিরে বিতর্ক থামছে না। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে মঞ্চে ওঠেন এই কলম্বিয়ান পপ আইকন।
অনুষ্ঠানে শাকিরা ও বার্না বয় অফিশিয়াল ট্র্যাক ‘দাই দাই’ পরিবেশন করেন। গ্যালারিভর্তি দর্শকের সামনে তাদের পরিবেশনা প্রশংসা কুড়ালেও সামাজিক যোগাযোগমাধ্যমে অন্য একটি ভিডিও ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
ব্যাকস্টেজে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, পারফরম্যান্স শেষে নিরাপত্তাকর্মীরা বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেও শাকিরা তার ভাই আন্তোনিও মেবারাকের সঙ্গে হঠাৎ করেই নাচ শুরু করেন। এ সময় প্রটোকল ভেঙে তাদের এমন স্বতঃস্ফূর্ত আচরণ অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভক্তদের একাংশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও অনেকে মন্তব্য করেন, এটি শাকিরার স্বাভাবিক উচ্ছ্বাস। একজন লিখেছেন, “তিনি সবসময় নিজের মতোই থাকেন।” তবে অন্যদিকে কেউ কেউ বিষয়টি নিয়ে সমালোচনাও করেন।
এদিকে, উদ্বোধনী মঞ্চে শাকিরার উপস্থিতি নিয়েও নতুন বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দাবি করছেন, পারফরম্যান্সে উপস্থিত ব্যক্তি আসল শাকিরা নন, বরং তার ‘বডি ডাবল’ ছিলেন। নেয়ন-হলুদ পোশাক, বড় সানগ্লাস এবং চোখ ঢাকা লুককে কেন্দ্র করেই এই সন্দেহ ছড়ায়।
একজন নেটিজেন লিখেছেন, “আমার মনে হচ্ছে এটি শাকিরা ছিলেন না।” যদিও এ বিষয়ে আয়োজক কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানটি ফক্স টিভিতে সরাসরি সম্প্রচার না হওয়ায় বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। তবে একই সময়ে টেলিমুন্ডো চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। সব মিলিয়ে মাঠের পারফরম্যান্সে প্রশংসা পেলেও শাকিরাকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!