২০২৬ ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাসে ভেসেছেন ঢাকাই শোবিজ অঙ্গনের তারকারা। উদ্বোধনী ম্যাচেই হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে দারুণ জয় এনে দেওয়ার পর থেকেই মেসি-উন্মাদনায় মেতে ওঠেন তারা।
ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে নেওয়ার পর মেসির হ্যাটট্রিকের খবরে আনন্দ প্রকাশ করেন পরীমণি, মেহজাবীন চৌধুরী, কেয়া পায়েলসহ একাধিক অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী।
চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে খেলা দেখার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আর্জেন্টিনার পতাকার ইমোজি জুড়ে সংক্ষিপ্ত একটি পোস্ট দিয়ে লেখেন, ‘ঠিক আছে শুভরাত্রি।’
অভিনেত্রী কেয়া পায়েল মেসির একটি ছবি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি লেখেন, ‘মেসিই সব সময়ই সেরা। ২০২৬ বিশ্বকাপে নিজের উদ্বোধনী ম্যাচেই দারুণ হ্যাটট্রিক করেছে সে।’
অন্যদিকে অভিনেত্রী তানিয়া বৃষ্টি আর্জেন্টিনার জয়কে অভিনন্দন জানিয়ে লেখেন, ‘বিজয়ীর মানসিকতা! অভিনন্দন আর্জেন্টিনা, মেসি।’ সংগীতশিল্পী তাসরীফ খানও মেসির পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘সারাজীবন বুক ফুলিয়ে বলবো আমরা মেসির খেলা দেখা জেনারেশন! কী অসাধারণ হ্যাটট্রিক।’
অভিনেতা খায়রুল বাসার সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ছবি পোস্ট করে লেখেন, ‘প্রথম দিনেই হ্যাটট্রিক, রাগ করলা?’ অভিনেতা ইরফান সাজ্জাদও মেসির উজ্জ্বল পারফরম্যান্স নিয়ে প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশে হালকা খোঁচা দেন।
ফুটবল মাঠের প্রতিদ্বন্দ্বিতা পাশে রেখে ক্রীড়াসুলভ মনোভাব দেখিয়েছেন গায়িকা পড়শী। তিনি ব্রাজিল সমর্থক হয়েও আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়ে লেখেন, ‘আমি ব্রাজিল সমর্থক হলেও আর্জেন্টিনার জন্য শুভকামনা। কারণ আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চাই।’
মেসির এই সাফল্য ঘিরে শোবিজ অঙ্গনের তারকাদের এমন উচ্ছ্বাসে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!