নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় বড় হারের মুখ দেখেছে বাংলাদেশ। গ্রুপ–১–এর দ্বিতীয় ম্যাচে বুধবার ইংল্যান্ডের লিডসে ৯ উইকেটের ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
উইকেটের হিসাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টিতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল টাইগ্রেসরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ২৭ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। দুই ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার দ্রুত ফিরলে ব্যাটিং ধস নামে। শারমিন আক্তার, সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারও বড় কোনো অবদান রাখতে পারেননি।
ব্যাটিং বিপর্যয়ের মধ্যে কিছুটা প্রতিরোধ গড়েন অধিনায়ক নিগার সুলতানা ও রিতু মনি। ষষ্ঠ উইকেটে ৫২ বলে ৩২ রানের জুটি গড়ে দলকে ৫০ রানের গণ্ডি পার করান তাঁরা। তবে দলীয় ৫৯ রানে রিতু মনি ফিরে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। ২৬ বলে ১৬ রান করেন তিনি।
ইনিংসের শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানা একপ্রান্ত আগলে রাখলেও বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি। ৪৭ বলে ২৭ রান করে আউট হন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৭৭ রান তোলে বাংলাদেশ। টি–টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটিই বাংলাদেশের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
অস্ট্রেলিয়ার হয়ে তিনজন বোলার দুটি করে উইকেট নেন।
৭৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বেথ মুনির উইকেট হারালেও কোনো বিপদে পড়তে হয়নি অস্ট্রেলিয়াকে। মারুফা আক্তারের বলে ১০ রান করে ফেরেন মুনি।
এরপর জর্জিয়া ভোল ও এলিস পেরি অবিচ্ছিন্ন জুটিতে দলকে জয় এনে দেন। দ্বিতীয় উইকেটে ৩১ বলে ৪৭ রানের জুটি গড়ে ১০.৩ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। ভোল ৩২ বলে ৪৫ এবং পেরি ১৫ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন মারুফা আক্তার। ৪ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট শিকার করেন তিনি।
অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান এলিস পেরি।
গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!