খেলাধুলা

মেসির বাবার মৃত্যুর ভুল খবর প্রচার, চাকরি হারালেন উপস্থাপিকা

আপডেট: জুন ১৯, ২০২৬ : ০৫:৪৫ এএম
মেসির বাবার মৃত্যুর ভুল খবর প্রচার, চাকরি হারালেন উপস্থাপিকা

আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা ফ্লোরেনসিয়া পেনা লাইভ সম্প্রচারে যাচাই না করে ভুল তথ্য প্রচার করে চাকরি হারিয়েছেন। বিশ্বকাপ চলাকালে লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর খবর নিশ্চিত না করেই ঘোষণা দেওয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটে আর্জেন্টিনার একটি টেলিভিশন শো চলাকালে। ম্যাচ চলার সময় মাঠে লিওনেল মেসিকে আবেগঘন অবস্থায় দেখা যাওয়ার পর উপস্থাপিকা লাইভে দাবি করেন, তার বাবা হোর্হে মেসি মারা গেছেন। এ মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনা শুরু হয়।

তবে কিছুক্ষণের মধ্যেই মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে মেসি জীবিত আছেন এবং তিনি চিকিৎসাধীন থাকলেও মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া।

ভুল তথ্য প্রচারের পর উপস্থাপিকা ফ্লোরেনসিয়া পেনা প্রকাশ্যে ক্ষমা চান। তিনি দাবি করেন, সম্প্রচারের সময় প্রযোজনা দলের দেওয়া তথ্যের ভিত্তিতেই তিনি মন্তব্য করেছিলেন। তবে বিতর্ক থামাতে পারেনি তার এই ব্যাখ্যা।

পরবর্তীতে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল Luzu TV জানায়, যাচাই ছাড়া এমন সংবেদনশীল তথ্য প্রচার তাদের নীতিমালার পরিপন্থী। এরপর ফ্লোরেনসিয়া পেনা চ্যানেলটি থেকে পদত্যাগ করেন।

এক বিবৃতিতে তিনি বলেন, মেসি পরিবারের পরিস্থিতি নিয়ে ভুল তথ্য ছড়িয়ে পড়ায় তিনি দুঃখ প্রকাশ করছেন এবং নিজের দায়িত্বজ্ঞানহীনতার দায় স্বীকার করছেন।

ঘটনাটি ঘিরে আর্জেন্টিনা ও আন্তর্জাতিক মিডিয়ায় সাংবাদিকতার নৈতিকতা ও তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!