খেলাধুলা

ভবিষ্যতের বিশ্বকাপেও হাইড্রেশন বিরতি রাখা হতে পারে : ইনফান্তিনো

আপডেট: জুন ২৪, ২০২৬ : ০৬:০৩ এএম
ভবিষ্যতের বিশ্বকাপেও হাইড্রেশন বিরতি রাখা হতে পারে : ইনফান্তিনো

চলতি বিশ্বকাপে হাইড্রেশন বিরতি নিয়ে বিতর্ক থাকলেও ভবিষ্যতের বিশ্বকাপগুলোতেও এই ব্যবস্থা চালু রাখার বিষয়টি বিবেচনা করবে ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মনে করেন, খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখতে এবং ম্যাচের তীব্রতা বজায় রাখতে এই বিরতি ইতিবাচক ভূমিকা রাখছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ইনফান্তিনো বলেন, চলতি টুর্নামেন্টের অভিজ্ঞতা বিশ্লেষণ করে ভবিষ্যতে হাইড্রেশন বিরতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর মতে, এই বিরতি শুধু খেলোয়াড়দের বিশ্রামের সুযোগই দিচ্ছে না, কোচদেরও কৌশলগত কিছু বিষয় নতুন করে মূল্যায়নের সুযোগ করে দিচ্ছে।

ইনফান্তিনো বলেন, ‘খেলোয়াড়রা সামান্য বিশ্রাম নিয়ে নতুন উদ্যমে মাঠে ফিরতে পারে। কোচরা কিছু ভুল সংশোধনের সুযোগ পান। এটা খারাপ কেন হবে? বরং ভালোও হতে পারে।’

বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে খেলা থামিয়ে হাইড্রেশন বিরতি দেওয়া হচ্ছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও কম হয়নি। অনেকের অভিযোগ, বিরতিগুলো মূলত সম্প্রচারকারীদের অতিরিক্ত বিজ্ঞাপন প্রচারের সুযোগ তৈরি করছে এবং ফুটবলে আমেরিকান ধাঁচের ‘টাইমআউট’ সংস্কৃতি চালুর চেষ্টা করা হচ্ছে।

তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফিফা সভাপতি। তাঁর দাবি, হাইড্রেশন বিরতির কারণে ফিফার কোনো অতিরিক্ত আর্থিক লাভ হচ্ছে না। কারণ সম্প্রচার–সংক্রান্ত চুক্তিগুলো এই সিদ্ধান্ত কার্যকরের আগেই সম্পন্ন হয়েছিল।

ইনফান্তিনোর ভাষ্য, বর্তমান বিশ্বকাপে খেলার গতি ও তীব্রতা অতীতের যেকোনো আসরের তুলনায় বেশি। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত খেলোয়াড়দের আক্রমণাত্মক ফুটবল খেলার পেছনে এই স্বল্প বিরতিগুলোরও ভূমিকা থাকতে পারে।

তিনি বলেন, ‘আমরা আগে কোনো বিশ্বকাপে ৯০ মিনিটজুড়ে এত উচ্চ তীব্রতার ফুটবল দেখিনি। শেষ সেকেন্ড পর্যন্ত খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। ছোট এই বিরতিগুলো হয়তো তাদের আবারও সেরাটা দেওয়ার শক্তি জোগাচ্ছে।’

চলতি বিশ্বকাপে গোলের সংখ্যাও বেড়েছে উল্লেখ করে ইনফান্তিনো বলেন, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হলান্ডের মতো তারকারা দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছেন। পাশাপাশি প্রথমবার অংশ নেওয়া কয়েকটি দলও চমক দেখিয়েছে।

হাইড্রেশন বিরতি সব ম্যাচে বাধ্যতামূলক করার সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে ইনফান্তিনো বলেন, শুধু গরম আবহাওয়ার ম্যাচে এই সুবিধা দেওয়া হলে প্রতিযোগিতায় ভারসাম্য নষ্ট হতে পারত।

তাঁর ভাষায়, ‘যদি কিছু ম্যাচে বিরতি থাকে আর কিছু ম্যাচে না থাকে, তাহলে কোনো কোনো দল বা কোচ বাড়তি সুবিধা পেয়ে যেতে পারে। প্রতিযোগিতার সমতা বজায় রাখতেই সবার জন্য একই নিয়ম রাখা হয়েছে।’

ফিফা সভাপতির মতে, খেলোয়াড়দের স্বাস্থ্য, ম্যাচের মান এবং প্রতিযোগিতার ভারসাম্য—এই তিনটি বিষয় বিবেচনায় নিয়েই হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভবিষ্যতের টুর্নামেন্টগুলোতেও সেই অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!