বিশ্বকাপে টানা দুর্দান্ত ফর্মে থেকেও ব্যক্তিগত পুরস্কার নিয়ে ভাবছেন না ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। গোল্ডেন বুট দৌড়ে এগিয়ে থাকলেও তিনি জানিয়েছেন, তার সব মনোযোগ এখন দলীয় সাফল্যে।
ইরাকের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেন এমবাপ্পে। এর আগে সেনেগালের বিপক্ষেও ৩-১ ব্যবধানে জয়ে দুই গোল করেছিলেন তিনি। ফলে দুই ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে চারটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, গোল্ডেন বুট নিয়ে তিনি এখনই কোনো চিন্তা করছেন না। তার মতে, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “এই মুহূর্তে আমি এই বিষয়টা নিয়ে কিছুই ভাবছি না। এখন আমাদের দলের দিকে মনোযোগ দেওয়া জরুরি। টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে দল হিসেবে ভালো খেলতে হবে।”
ফরাসি অধিনায়ক আরও যোগ করেন, প্রতিটি ম্যাচই এখন কঠিন হয়ে উঠছে এবং শিরোপা জিততে হলে ধারাবাহিকভাবে জয় পেতে হবে। এমবাপ্পে বলেন, “আমরা সবাই জানি টুর্নামেন্ট যত এগোবে, ততই কঠিন হবে। শিরোপা জিততে হলে প্রতিটি ম্যাচে সেরা খেলাটা খেলতে হবে।”
২০২২ কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা এমবাপ্পে জানান, অতীতের অর্জন নয়, বরং বর্তমান লক্ষ্যই এখন তার কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমি সবসময় দলের জন্য খেলি। লিও (লিওনেল মেসি) বা অন্য কেউ কী করছে, সেদিকে না তাকিয়ে নিজের খেলায় মনোযোগ দিই।”
এমবাপ্পে আরও বলেন, দলীয় লক্ষ্য পূরণেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং বিশ্বকাপের শেষ পর্যন্ত এগিয়ে যাওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!