খেলাধুলা

আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে কেপ ভার্দে

আপডেট: জুলা ০১, ২০২৬ : ০৫:৫৯ এএম
আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে কেপ ভার্দে

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পর এবার তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ—ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ম্যাচকে সামনে রেখে দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তাঁর বিশ্বাস, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ১–০ গোলে হারাতে পারবে তাঁর দেশ।

ম্যাচ নিয়ে এক প্রতিক্রিয়ায় নেভেস বলেন, ‘আমরা ১–০ গোলে জিতব।’

সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপে খেলছে। গ্রুপ পর্বে উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবকে নিয়ে গঠিত কঠিন গ্রুপ থেকে নকআউটে উঠে ইতোমধ্যে আলোচনায় এসেছে দলটি। এবার আর্জেন্টিনার বিপক্ষেও চমক দেখানোর স্বপ্ন দেখছে তারা।

তবে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির প্রতি গভীর শ্রদ্ধাও প্রকাশ করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট। ম্যাচের আগে মেসিকে কেপ ভার্দে জাতীয় দলের একটি বিশেষ জার্সি উপহার দেওয়া হবে। সেই জার্সিতে থাকবে মেসির নাম ও তাঁর বিখ্যাত ১০ নম্বর।

নেভেস বলেন, ‘লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জাতীয় দলের বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য বড় সম্মানের বিষয়। মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। কেপ ভার্দের মানুষ তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করে। আমাদের কাছে তিনি ফুটবলে শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণতার প্রতীক।’

তিনি আরও বলেন, ‘মেসির মতো একজন কিংবদন্তির বিপক্ষে মাঠে নামা আমাদের জাতীয় দলের জন্য গর্বের। তবে আমরা শুধু অংশ নিতে যাচ্ছি না, নিজেদের সেরাটা খেলতে এবং ইতিহাস গড়তে চাই।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি কেপ ভার্দের ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে। ছোট্ট এই আফ্রিকান দেশটি বিশ্বাস করছে, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে চমক দেখিয়ে বিশ্বকাপের রূপকথা আরও দীর্ঘায়িত করা সম্ভব।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!