খেলাধুলা

বিশ্বকাপে নিজের সীমিত ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন নেইমার

আপডেট: জুলা ০৪, ২০২৬ : ০৫:০০ এএম
বিশ্বকাপে নিজের সীমিত ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন নেইমার

বিশ্বকাপে এখন পর্যন্ত খুব বেশি সময় মাঠে নামার সুযোগ না পাওয়ায় ব্রাজিল তারকা নেইমার সন্তুষ্ট নন। তবে বিষয়টি তিনি পেশাদারিত্বের সঙ্গে গ্রহণ করছেন এবং দলের স্বার্থকেই প্রাধান্য দিচ্ছেন বলে জানিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

রোববার যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার অবশ্যই বেশি খেলতে চান, তবে তিনি দলের পরিবেশ ইতিবাচক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে মাত্র একটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩–০ গোলের জয়ের ম্যাচে শেষ ১৪ মিনিট মাঠে ছিলেন তিনি। নরওয়ের বিপক্ষেও তাঁকে শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা কম।

আনচেলত্তি বলেন, ‘নেইমার মোটেই সন্তুষ্ট নয়। তবে সে শান্ত আছে এবং অনুশীলনে দারুণ মনোযোগী। সতীর্থদের কাছে সে অত্যন্ত সম্মানিত। সবাই তাকে ভালোবাসে। দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তার প্রভাব অনেক বড়। ব্যক্তি হিসেবেও সে অসাধারণ। অবশ্যই সে প্রতিটি ম্যাচেই খেলতে চায়।’

ডান পায়ের কাফের চোট নিয়েই এবারের বিশ্বকাপে খেলছেন নেইমার। যদিও কোচের মতে, তিনি এখন মাঠে নামার জন্য প্রস্তুত। তবে একটানা কতক্ষণ খেলতে পারবেন, তা নিয়ে এখনো কিছুটা সতর্কতা রয়েছে।

আনচেলত্তি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমার এখন খেলার জন্য প্রস্তুত। কিন্তু সে কতক্ষণ খেলতে পারবে, সেটা নিশ্চিত করে বলা কঠিন। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যখন দলের প্রয়োজন হবে, তখনই তাকে মাঠে নামানো হবে।’

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অতীত পরিসংখ্যানও খুব একটা আশাব্যঞ্জক নয়। দুই দলের চার দেখায় একবারও জিততে পারেনি ব্রাজিল; দুটি ম্যাচ ড্র হয়েছে, বাকি দুটিতে হেরেছে। এ ছাড়া ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর নকআউট পর্বে কোনো ইউরোপীয় দলের বিপক্ষেও জয় পায়নি সেলেসাওরা।

তবে এসব পরিসংখ্যান নিয়ে বিচলিত নন আনচেলত্তি। তাঁর বিশ্বাস, দল প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘নরওয়ের বিপক্ষে খেলা সবসময় কঠিন। তারা রক্ষণে খুবই সংগঠিত দল। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি। গোল হজম করলেও ম্যাচে ফেরার সামর্থ্য আমাদের আছে। ভালো একটি ম্যাচ খেলতে আমরা আত্মবিশ্বাসী।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!