বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই চমক দেখানো কেপ ভার্দে শেষ পর্যন্ত বিদায় নিলেও আর্জেন্টিনার বিপক্ষে তাদের লড়াই ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। ম্যাচের আগে শেষ পর্যন্ত লড়াই করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন দলটির কোচ পেদ্রো লেইতাও ব্রিতো (বুবিস্তা), মাঠে সেটিরই প্রতিফলন দেখা গেছে।
রাউন্ড অব ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরে আসে কেপ ভার্দে। নির্ধারিত সময়ে ২–২ সমতায় থাকা ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে ৩–২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফ্রিকার দ্বীপরাষ্ট্রটি।
ম্যাচের আগে বুবিস্তা বলেছিলেন, ফেভারিট দলের বিপক্ষে আত্মসমর্পণ করতে তারা মাঠে নামবেন না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়বেন। সেই প্রতিশ্রুতির প্রতিফলনেই আর্জেন্টিনাকে পুরো ১২০ মিনিট চাপে রেখেছিল তাঁর দল।
ম্যাচ শেষে কেপ ভার্দের কোচ বলেন, ‘আমি আমার দল ও কোচিং স্টাফকে নিয়ে গর্বিত। আমরা আমাদের দেশের জন্য সম্মান বয়ে এনেছি। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি, দুইবার সমতায় ফিরেছি এবং ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পেরেছি।’
খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, ‘তারা অসাধারণ সাহসিকতা ও আত্মবিশ্বাস দেখিয়েছে। আর্জেন্টিনা কেন বিশ্বচ্যাম্পিয়ন, তারা তা প্রমাণ করেছে। তবে আমার খেলোয়াড়রাও জয়ের জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়েছে।’
বুবিস্তার মতে, আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে দুই গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়াটাই কেপ ভার্দের সামর্থ্যের বড় প্রমাণ। তিনি বলেন, ‘আমার মনে হয় না অনেক দলই আর্জেন্টিনার বিপক্ষে এমনটা করতে পারত। এটাই আমাদের দলের চরিত্র ও মানসিকতার পরিচয়।’
আর্জেন্টিনার তিন গোলের দুটি এসেছে সেট পিস থেকে। এ প্রসঙ্গে বুবিস্তা বলেন, ‘একটি সেট পিসই শেষ পর্যন্ত আমাদের হারিয়েছে। তবু এই বিশ্বকাপে আমরা আমাদের পরিচয়, চরিত্র ও সামর্থ্যের প্রমাণ দিতে পেরেছি। এ জন্য খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত।’
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!