সহ-আয়োজক মেক্সিকোর স্বপ্ন থামিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আজতেকা স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ১০ জনের দল নিয়েও ইংলিশরা ৩–২ গোলে হারিয়েছে স্বাগতিকদের।
প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা আগে পায় ইংল্যান্ড। পাল্টা আক্রমণ থেকে প্রথমার্ধেই জোড়া গোল করেন জুড বেলিংহ্যাম। মাত্র ৯৮ সেকেন্ডের ব্যবধানে করা তাঁর দুই গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংলিশরা।
বিরতির ঠিক আগে হুলিয়ান কুইনোনেস একটি গোল শোধ করে মেক্সিকোকে ম্যাচে ফেরানোর আশা জাগান। দ্বিতীয়ার্ধের শুরুতেই ইংল্যান্ড বড় ধাক্কা খায়। ৫৪ মিনিটে হেসুস গায়ার্দোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জ্যারেল কোয়ানসা। এরপর প্রায় পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলতে হয় ইংল্যান্ডকে।
একজন বেশি খেলোয়াড় নিয়ে খেললেও সেই সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারেনি মেক্সিকো। বরং হ্যারি কেইন পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডের ব্যবধান আবার বাড়িয়ে দেন। পরে কেইনের করা ফাউল থেকে পাওয়া পেনাল্টিতে রাউল হিমিনেজ গোল করে ব্যবধান ৩–২ করলেও শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি স্বাগতিকরা।
ম্যাচে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল মেক্সিকোর। ৬৭ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি তারা ১৯টি শট নেয়, যার ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ইংল্যান্ড মাত্র পাঁচটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় এবং তিনটিতেই গোল পায়।
চলতি বিশ্বকাপে প্রথম চার ম্যাচে কোনো গোল না খাওয়া মেক্সিকোর রক্ষণ এদিন বেলিংহ্যামের সামনে অসহায় হয়ে পড়ে। ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবার শেষ ষোলো পর্যন্ত উঠলেও কোয়ার্টার ফাইনালের স্বপ্ন আর পূরণ হলো না তাদের।
১৯৮৬ সালের পর প্রথমবারের মতো নিজেদের মাটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা ছিল মেক্সিকোর। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!