খেলাধুলা

যুক্তরাষ্ট্রকে ৪–১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

আপডেট: জুলা ০৭, ২০২৬ : ০৫:৫৪ এএম
যুক্তরাষ্ট্রকে ৪–১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রকে কোনো সুযোগই দিল না বেলজিয়াম। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে ৪–১ গোলের বড় জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি।

মঙ্গলবার সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেন চার্লস ডি কেটেলারে। একটি করে গোল করেন হান্স ভেনাকেন ও বদলি খেলোয়াড় রোমেলু লুকাকু। যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন মালিক টিলম্যান।

ম্যাচের অষ্টম মিনিটেই ডি কেটেলারের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। চলতি বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। তবে ৩১ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ এক গোলে সমতা ফেরান টিলম্যান।

সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্র। বিরতির পর খেলা শুরুর মাত্র ৬১ সেকেন্ডের মাথায় আবারও গোল হজম করে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান আরও বাড়ায় বেলজিয়াম। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বদলি হিসেবে নেমে চতুর্থ গোলটি করেন লুকাকু।

ম্যাচজুড়ে আক্রমণ ও বলের দখলে এগিয়ে ছিল বেলজিয়াম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগের একের পর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে বড় জয় নিশ্চিত করে তারা।

এই জয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার ধারাও বজায় রাখল বেলজিয়াম। একই সঙ্গে গত ১২ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে যুক্তরাষ্ট্রকে বিদায় করল দলটি।

কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। ওই ম্যাচের বিজয়ী সেমিফাইনালে খেলবে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে।

অন্যদিকে, ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল যুক্তরাষ্ট্রের। পাশাপাশি ১৯৩০ সালের পর বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে টানা সপ্তম পরাজয়ের তিক্ত অভিজ্ঞতাও যোগ হলো তাদের।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!