ক্যারিয়ারের সেরা বোলিং করেও দলকে জেতাতে পারেননি নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেট শিকার করলেও শেষ পর্যন্ত ২৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। তাই ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় পরাজয়ই বেশি পোড়াচ্ছে এই পেসারকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, শুরুটা ভালো হলেও ব্যাটিংয়ে বড় জুটি গড়ে উঠতে না পারাই হারের অন্যতম কারণ। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, আমরা শুরুটা ভালো করেছিলাম। কিন্তু ব্যাটিংয়ে সেভাবে শুরু করতে পারিনি। ভালো একটা জুটি হলে এবং ব্যাক টু ব্যাক উইকেট না পড়লে ফল ভিন্ন হতে পারত। তবে সবাই নিজেদের জায়গা থেকে চেষ্টা করেছে।’
শেষ দিকে ব্যাটিংয়ে নেমে লড়াই করার প্রসঙ্গেও কথা বলেন নাহিদ। তাঁর মতে, স্কোয়াডের প্রত্যেক ক্রিকেটারেরই ব্যাট করার জন্য প্রস্তুত থাকা উচিত। তিনি বলেন, ‘১৫ জনের স্কোয়াডে ১১ জন খেলে। কিন্তু যেকোনো সময় ব্যাটিংয়ের সুযোগ আসতে পারে। তাই সবারই প্রস্তুত থাকা দরকার।’
নিজের বোলিং নিয়ে সন্তুষ্ট হলেও শেষ জুটিটি দ্রুত ভাঙতে না পারার আক্ষেপ রয়েছে নাহিদের। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, শুরুটা ভালো ছিল। তবে শেষের জুটিটা যদি আরও আগে ভাঙতে পারতাম, তাহলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হতে পারত। সেখানে আমরা বোলাররা কিছুটা ঢিলেঢালা বোলিং করেছি।’
নাহিদ আরও বলেন, তিনি সবসময় বোলিং উপভোগ করেন এবং দলের জয়ের জন্যই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তবে এদিন সেই লক্ষ্য পূরণ হয়নি।
প্রথম টেস্টে না খেলার প্রসঙ্গেও কথা বলেন এই পেসার। নাহিদ জানান, সেটিকে তিনি 'মিস' মনে করেন না। তাঁর ভাষায়, ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে আমাকে বিশ্রামে রাখা হয়েছিল। সামনে যেসব ম্যাচ ছিল, সেগুলোর জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম।’
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!