দাপুটে পারফরম্যান্সে বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকা লা রোজারা শেষ মুহূর্তের গোলে নিশ্চিত করে শেষ চারের টিকিট।
শুক্রবার অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। সেই ধারাবাহিকতায় ম্যাচের ৩০তম মিনিটে এগিয়ে যায় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। দানি ওলমোর শট বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া ফিরিয়ে দিলেও ফিরতি বলে ফাভিয়ান রুইজ কোনো ভুল করেননি। তাঁর শট ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে ১–০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।
গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বেলজিয়াম। প্রথমার্ধের ৪১তম মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে চার্লস ডি কেটেলারা নিখুঁত ফিনিশিংয়ে সমতা ফেরান। চলতি আসরে এটিই ছিল স্পেনের জালে প্রথম গোল। ১–১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে চোটের কারণে মাঠ ছাড়েন বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তাঁর বদলি হিসেবে গোলবারে দাঁড়ান তরুণ সেনে ল্যামেন্স।
ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে স্পেনের জয়ের গোল। ৮৮তম মিনিটে বেলজিয়ামের রক্ষণে তৈরি হওয়া জটলার সুযোগ কাজে লাগিয়ে মিকেল মেরিনো কাছ থেকে বল জালে পাঠান। শেষ মুহূর্তে আর সমতায় ফিরতে পারেনি বেলজিয়াম।
ফলে ২–১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় স্পেন। ম্যাচজুড়ে নিয়ন্ত্রিত ফুটবল এবং শেষ সময়ের স্নায়ুচাপ সামলে জয় তুলে নিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল লা ফুয়েন্তের দল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!