খেলাধুলা

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

আপডেট: জুলা ১১, ২০২৬ : ০৪:৫০ এএম
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর হতাশা প্রকাশ করেছেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন, আবারও বিশ্বসেরার স্বপ্ন পূরণে লড়াই চালিয়ে যাবেন।

নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ায় ষষ্ঠ শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো। রদ্রিগো ও এস্তেভাওয়ের অনুপস্থিতিতে আক্রমণভাগের মূল ভরসা ছিলেন ভিনিসিয়ুস। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে চার গোল ও একটি অ্যাসিস্ট করে ব্যক্তিগতভাবে উজ্জ্বল থাকলেও দলকে শেষ আটে তুলতে পারেননি তিনি।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় ভিনিসিয়ুস বলেন, এমন হতাশার মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করার ভাষা খুঁজে পেতে তাঁর কিছুটা সময় দরকার। তিনি জানান, সমর্থকদের নীরবতায় রেখে দেওয়া ঠিক হবে না বলেই নিজের অবস্থান তুলে ধরছেন।

ব্রাজিলের জার্সি পরাকে জীবনের সবচেয়ে বড় গর্ব উল্লেখ করে এই ফরোয়ার্ড বলেন, শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। সমর্থক ও পরিবারের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য আসেনি।

ভিনিসিয়ুস বলেন, দলের সামর্থ্য আরও অনেক দূর যাওয়ার মতো ছিল। সেই লক্ষ্য পূরণ না হওয়ায় তিনি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে প্রতিশ্রুতি দেন, আবারও ব্রাজিলকে বিশ্বকাপের শীর্ষে তুলে আনতে নিজের সর্বস্ব উজাড় করে লড়াই চালিয়ে যাবেন। তাঁর বিশ্বাস, এই ব্যর্থতা থেকেই ভবিষ্যতের সাফল্যের প্রেরণা খুঁজে নেবে দল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!