খেলাধুলা

অতিরিক্ত সময়ে বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

আপডেট: জুলা ১২, ২০২৬ : ০৫:৪১ এএম
অতিরিক্ত সময়ে বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

জুড বেলিংহামের জোড়া গোলে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২–১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। নির্ধারিত সময় ১–১ গোলে সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের শুরুতেই আসে ইংল্যান্ডের জয়সূচক গোল। শেষ চারে থমাস টুখেলের দলের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আজ রোববার (বাংলাদেশ সময়) যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে ম্যাচজুড়ে নরওয়ের সবচেয়ে বড় তারকা আর্লিং হালান্ড ছিলেন অনেকটাই নিষ্প্রভ।

প্রথমার্ধের ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের জোরালো শটে এগিয়ে যায় নরওয়ে। তবে বিরতির আগে যোগ করা সময়ে জুড বেলিংহাম নিচু শটে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধে নরওয়ে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ৫৫ মিনিটে টরবিয়র্ন হেগেম বল জালে পাঠালেও ভিএআর পর্যালোচনায় গোলটি বাতিল হয়। গোলের আগে আর্লিং হালান্ড ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ফাউল করেছিলেন বলে সিদ্ধান্ত দেন ম্যাচ কর্মকর্তারা।

নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। প্রচণ্ড গরমে দুই দলই ক্লান্ত হয়ে পড়লেও শেষ পর্যন্ত সুযোগটি কাজে লাগায় ইংল্যান্ড।

অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বদলি খেলোয়াড় মরগান রজার্সের দূরপাল্লার শট নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে পারেননি। ফিরতি বলে দ্রুত ঝাঁপিয়ে পড়ে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন বেলিংহাম।

শেষদিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালালেও সফল হতে পারেনি নরওয়ে। ১০৬ মিনিটে ক্লান্ত হয়ে পড়া হালান্ডকে মাঠ থেকে তুলে নেন কোচ স্টেলে সোলবাকেন।

ম্যাচ শেষে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল বলেন, তাঁর দল নিজেদের জন্য ম্যাচ কঠিন করে তুলেছিল। তবে শেষ পর্যন্ত জয় এবং বিশ্বকাপের সেমিফাইনালে ওঠায় তিনি সন্তুষ্ট। যদিও দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বলেও মন্তব্য করেন তিনি।

এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ চারে আর্জেন্টিনার বিপক্ষে মহারণের অপেক্ষায় থাকল ইংল্যান্ড।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!