খেলাধুলা

ফ্রান্সকে হারিয়ে স্পেনই বিশ্বের সেরা দল: ডি লা ফুয়েন্তে

আপডেট: জুলা ১৫, ২০২৬ : ০৫:৩৪ এএম
ফ্রান্সকে হারিয়ে স্পেনই বিশ্বের সেরা দল: ডি লা ফুয়েন্তে

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর নিজের দলকে ‘বিশ্বের সেরা দল’ বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধান কোচ লুইস ডি লা ফুয়েন্তে। তার দাবি, শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে স্পেনের শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী পারফরম্যান্সই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সেমিফাইনালে জয় নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডি লা ফুয়েন্তে বলেন, প্রায় চার বছর আগে একটি নির্দিষ্ট পরিকল্পনা ও দর্শন নিয়ে স্পেনের নতুন যাত্রা শুরু হয়েছিল। সেই পরিকল্পনা থেকে দল কখনো সরে আসেনি, আর ধারাবাহিকতার ফলেই তারা আজ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে।

তিনি বলেন, ‘আজ আমরা বিশ্বের অন্যতম সেরা একটি দলের বিপক্ষে খেলেছি। কিন্তু তাদের সামনে ছিল বিশ্বের সেরা দল। এটাই দুই দলের মধ্যে পার্থক্য।’ ২০২৪ সালে তার অধীনেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল স্পেন। এবার বিশ্বকাপেও একই ধারাবাহিকতা ধরে রেখে টানা তৃতীয় প্রতিযোগিতামূলক ম্যাচে ফ্রান্সকে হারানোর কৃতিত্ব দেখালেন তিনি।

নিজের খেলোয়াড়দের প্রশংসা করে স্পেন কোচ বলেন, ‘এই দল সব প্রশংসার যোগ্য। প্রতিদিন তারা প্রতিশ্রুতি, ঐক্য, আত্মত্যাগ ও প্রতিভার পরিচয় দিয়েছে। তারা কঠিন কাজকে সহজ করে তুলেছে।’

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় একমাত্র বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠল স্পেন। শিরোপা জয়ের আর মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে এখন দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে লা রোহা।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!