বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হওয়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। তাঁর মতে, খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থক—সবার জন্যই এই পরাজয় অত্যন্ত কষ্টের।
বুধবার সেমিফাইনালে ২–১ গোলে হারে ইংল্যান্ড। ম্যাচে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত লিওনেল মেসির অনুপ্রেরণায় ঘুরে দাঁড়ানো আর্জেন্টিনার কাছে হার মানতে হয় থমাস টুখেলের দলকে।
ম্যাচ শেষে বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় কেন বলেন, ‘ছেলেদের জন্য খুব কষ্ট লাগছে। দলের সবাই, কোচিং স্টাফ এবং সমর্থকদের জন্যও এটি খুব হতাশার।’
তিনি বলেন, ‘ম্যাচের বেশির ভাগ সময় আমরা ভালো খেলেছি। ১–০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর হয়তো আমরা শুধু সেই লিড ধরে রাখার দিকেই বেশি মনোযোগ দিয়েছিলাম। কিন্তু এই পর্যায়ে সেটি যথেষ্ট নয়। এখানে পৌঁছাতে আমরা অনেক পরিশ্রম করেছি। সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি।’
টুর্নামেন্টে ছয় গোল করা বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড বলেন, গর্ডনের গোলের পর আর্জেন্টিনা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। একের পর এক আক্রমণ সামলাতে গিয়ে ইংল্যান্ডের রক্ষণভাগ চাপে পড়ে।
কেন বলেন, ‘গোল করার পর তারা আরও বেশি খেলোয়াড় নিয়ে আক্রমণে উঠেছিল। আমরা তাদের একজনের বিপরীতে একজনকে ঠিকভাবে সামলাতে পারিনি। এরপর একের পর এক আক্রমণে আমরা এলোমেলো হয়ে যাই। সবাই শরীর দিয়ে শট আটকে দিয়েছে, সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত সেটা যথেষ্ট ছিল না।’
রক্ষণাত্মক কৌশলই যে দলের পরিকল্পনা ছিল না, সেটিও স্পষ্ট করেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর ভাষ্য, ‘আমরা এগিয়ে যাওয়ার পরও আরেকটি গোল করার লক্ষ্যই ছিল। কিন্তু তারা দুই গোল করে ফেলার পর আমরা আর ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পাইনি।’
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!