খেলাধুলা

মেসিকে নিয়ে কেন: ‘তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার’

আপডেট: জুলা ১৬, ২০২৬ : ০৬:১৯ এএম
মেসিকে নিয়ে কেন: ‘তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার’

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পরও লিওনেল মেসির প্রশংসা করতে ভোলেননি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। তাঁর ভাষায়, আর্জেন্টিনা অধিনায়ক ‘সর্বকালের অন্যতম সেরা ফুটবলার’, যিনি যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন।

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে মেসি গোল না করলেও দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনার ২–১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর পাস থেকে এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজ জয়সূচক গোল করেন। সেই জয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কেন বলেন, ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়দের ক্ষেত্রে এমনটাই হয়। প্রতিপক্ষের বক্সের আশপাশে বল পেলেই তারা যেকোনো মুহূর্তে জাদু দেখাতে পারে।’

মেসির প্রশংসা করে ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, ‘সে আজ আবারও সেটাই করেছে। নিঃসন্দেহে সে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। কেন তাকে এত বড় খেলোয়াড় বলা হয়, আজও তার প্রমাণ দিয়েছে।’

ম্যাচে ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ৮৪ মিনিট পর্যন্ত সেই লিড ধরে রাখলেও শেষ দিকে আর্জেন্টিনার টানা আক্রমণে চাপে পড়ে দলটি। শেষ পর্যন্ত এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে স্বপ্নভঙ্গ হয় ইংল্যান্ডের।

এগিয়ে থেকেও ম্যাচ হারার হতাশা প্রকাশ করে কেন বলেন, শেষ সময়ে রক্ষণভাগের কয়েকটি ভুলের সুযোগই কাজে লাগিয়েছে আর্জেন্টিনা। তাঁর মতে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ছোট ছোট ভুলও বড় মূল্য চুকাতে হয়।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!