খেলাধুলা

বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার হওয়ার দৌড়ে ইয়ামাল-কুবার্সিসহ যারা

আপডেট: জুলা ১৭, ২০২৬ : ০৫:৫৭ এএম
বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার হওয়ার দৌড়ে ইয়ামাল-কুবার্সিসহ যারা

বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রতিভার ঝলক দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন একঝাঁক তরুণ ফুটবলার। ২১ বছরের কম বয়সী খেলোয়াড়দের পারফরম্যান্স, দক্ষতা এবং দলের সাফল্যে অবদানের ভিত্তিতে দেওয়া হয় ফিফার সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার। এবারের আসরে এই পুরস্কারের দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন সম্ভাবনাময় তারকা।

২০০৬ সালে চালু হওয়া এই পুরস্কারের সর্বশেষ বিজয়ী ছিলেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এবার নতুন কার হাতে উঠবে এই পুরস্কার, তা নিয়ে চলছে আলোচনা।

এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন স্পেনের দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সি। ইউরোপীয় চ্যাম্পিয়নদের হয়ে ফাইনালে উঠতে তাদের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুজনকেই এই পুরস্কারের অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তালিকায় রয়েছেন মেক্সিকোর গিলবার্তো মোরাও। এবারের বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ছিলেন তিনি। শুধু তাই নয়, মেক্সিকোর হয়ে বিশ্বকাপে মাঠে নামা সবচেয়ে কম বয়সী ফুটবলার হওয়ার কৃতিত্বও অর্জন করেছেন। ইকুয়েডরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে পেলেকে স্পর্শ করেন তিনি।

ফ্রান্সের দেজিরে দুয়েও রয়েছেন আলোচনায়। দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে অবদান রাখা এই তরুণ ফরোয়ার্ড পুরস্কারের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন। ইংল্যান্ডের নিকো ও'রিলিও নজর কেড়েছেন। তবে দল সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় কিছুটা পিছিয়ে আছেন তারা।

মরক্কোর মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিও এবারের বিশ্বকাপে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ফ্রান্সের ক্লাব ফুটবলে আগেই পরিচিতি পাওয়া এই তরুণ খেলোয়াড় লিগ ওয়ানে দ্রুততম সময়ে ৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়ে আলোচনায় এসেছেন।

তবে স্পেনের ফাইনালে ওঠার পথে লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সির ধারাবাহিক পারফরম্যান্স তাদের অন্যদের তুলনায় কিছুটা এগিয়ে রেখেছে। শেষ পর্যন্ত কার হাতে উঠবে সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার, সেটিই এখন দেখার বিষয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!