খেলাধুলা

১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট: জুলা ১৯, ২০২৬ : ০৫:৪০ এএম
১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দেশের ১০টি জেলায় পর্যায়ক্রমে স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর ওসমানী স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া অনূর্ধ্ব–১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠনে সরকার কাজ করছে। বর্তমান প্রজন্মকে মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার থেকে মাঠমুখী করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে আরও গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। আমিনুল হক জানান, নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস ভিলেজ স্থাপনের পরিকল্পনাও রয়েছে। সেখানে ফুটবল, ক্রিকেট, আর্চারি, শুটিং, সাঁতারসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলাধুলার আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

অনুষ্ঠানে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!