ইনজুরির কারণে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড–এ আর খেলা হচ্ছে না বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। এতে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টুর্নামেন্টটিতে খেলার অপেক্ষাও শেষ পর্যন্ত পূরণ হলো না তাঁর।
এবারের আসরে মুস্তাফিজকে দলে নিয়েছিল বার্মিংহ্যাম ফিনিক্স। বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটি নিশ্চিত করেছে, চোটের কারণে বাংলাদেশি এই পেসার পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন।
গত ৬ জুলাই জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান মুস্তাফিজ। সেই ইনজুরির কারণে সিরিজের বাকি ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় তাঁকে। পরে জানা যায়, তাঁর হাঁটুতেও সমস্যা রয়েছে।
শুরুতে বার্মিংহ্যাম ফিনিক্স জানিয়েছিল, ইংল্যান্ডে পৌঁছানোর পর মুস্তাফিজের শারীরিক অবস্থা মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে তাঁর ফিটনেস পরীক্ষা বাংলাদেশেই সম্পন্ন করার সিদ্ধান্ত হয়। সেই মূল্যায়নের পরই তাঁকে দ্য হান্ড্রেড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ফ্র্যাঞ্চাইজিটি।
মুস্তাফিজের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি বার্মিংহ্যাম ফিনিক্স।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!