ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন পেপ গার্দিওলা। দীর্ঘ সময় ক্লাব ফুটবলে দায়িত্ব পালনের পর আপাতত কোচিং থেকে অন্তত এক বছরের বিরতি নিতে চান ম্যানচেস্টার সিটির সাবেক এই কোচ।
ইএসপিএনের এক প্রতিবেদনে গার্দিওলার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর কয়েকটি জাতীয় দল তাঁর সঙ্গে যোগাযোগ করে। তাদের মধ্যে ইতালিও ছিল। তবে ব্যক্তিগত কারণে এখনই কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী নন গার্দিওলা।
ইতালির দৈনিক লা গাজ্জেত্তা দেলো স্পোর্টও শুক্রবার জানিয়েছে, ইতালির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কাতালান এই কোচ। সূত্রটি জানিয়েছে, টানা ১০ বছর ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালনের পর গার্দিওলা এখন পরিবার ও ব্যক্তিগত জীবনে সময় দিতে চান। সে কারণে ইতালির সঙ্গে সম্ভাব্য আলোচনা এগিয়ে নেওয়ার সুযোগ ছিল না।
তবে ভবিষ্যতে কোচিংয়ে ফিরলে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাঁর আগ্রহ থাকতে পারে বলেও জানিয়েছে সূত্রটি। চলতি গ্রীষ্মে আরও কয়েকটি দেশও তাঁর প্রাপ্যতা সম্পর্কে খোঁজ নিয়েছে। যদিও সেসব দেশের নাম প্রকাশ করা হয়নি। এর আগে বিভিন্ন প্রতিবেদনে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের আগ্রহের কথাও উঠে এসেছে।
এদিকে ইতালির নতুন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানিয়েছেন, জাতীয় দলের শূন্য কোচের পদে বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। তবে ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় তিনি দায়িত্বে বহাল রয়েছেন।
ইতালির সাবেক কোচ রবার্তো মানচিনিও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বিশ্বকাপজয়ী আন্দ্রেয়া পিরলো ও আন্তোনিও কন্তের নাম উল্লেখ করেছেন।
গত এপ্রিলে বিশ্বকাপের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হারের পর তৎকালীন কোচ জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেন। এরপর থেকেই নতুন প্রধান কোচের খোঁজ করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!