খেলাধুলা

জার্মানির নতুন কোচ ক্লপ, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি

আপডেট: জুলা ২৫, ২০২৬ : ০৫:৩৬ এএম
জার্মানির নতুন কোচ ক্লপ, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি

জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (ডিএফবি)। সদ্য সমাপ্ত বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগের পর শূন্য হওয়া দায়িত্বে আসছেন অভিজ্ঞ এই জার্মান কোচ।

ডিএফবির ঘোষণায় বলা হয়েছে, ৫৯ বছর বয়সী ক্লপের সঙ্গে ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে। স্পেন, মরক্কো ও পর্তুগালে অনুষ্ঠিতব্য ওই বিশ্বকাপ পর্যন্ত তিনি জার্মানির দায়িত্বে থাকবেন। আগামী ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

ফ্রাঙ্কফুর্টে সংবাদ সম্মেলনে ডিএফবি সভাপতি বার্ন্ড নুয়েনডর্ফ বলেন, ‘জার্গেন ক্লপকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।’

জাতীয় দলের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্লপও। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান। জাতীয় দলের দায়িত্ব নেওয়া আমার পেশাগত জীবনের সর্বোচ্চ অর্জনগুলোর একটি। আমি আমার সর্বস্ব দিয়ে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘জাতীয় দলই এমন একটি জায়গা, যা পুরো দেশকে একসঙ্গে নিয়ে আসতে পারে। আমি এমন একটি দল গড়ে তুলতে চাই, যার ওপর দেশের মানুষ পূর্ণ আস্থা রাখতে পারবে এবং যেখানে প্রত্যেক খেলোয়াড় একে অপরের জন্য লড়বে।’

জার্মানির কোচ হিসেবে ক্লপের প্রথম ম্যাচ হবে আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে চিরপ্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ইউরো ২০২৮ বাছাইপর্বের মাধ্যমে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে দলটি।

খেলোয়াড়ি জীবনে মাইনৎসের হয়ে এক দশকের বেশি সময় মাঠে ছিলেন ক্লপ। কোচ হিসেবে বরুসিয়া ডর্টমুন্ডের পর লিভারপুলে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন তিনি। তাঁর অধীনে লিভারপুল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে।

২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে ধারাবাহিকভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি জার্মানি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও শেষ ৩২ থেকেই বিদায় নিতে হয় দলটিকে। সেই হতাশা কাটিয়ে জার্মান ফুটবলকে নতুন পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব এখন ইয়ুর্গেন ক্লপের কাঁধে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!