খেলাধুলা

অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দল ঘোষণা, নতুন মুখ মুশফিক হাসান

আপডেট: জুলা ২৭, ২০২৬ : ০৫:৪২ এএম
অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দল ঘোষণা, নতুন মুখ মুশফিক হাসান

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেই সফরের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে একমাত্র নতুন মুখ ডানহাতি পেসার মুশফিক হাসান।

ইনজুরির কারণে পেসার নাহিদ রানা প্রথম টেস্টের দলে জায়গা পাননি। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন মুশফিক হাসান। এর আগে ২০২৩ সালে আফগানিস্তান এবং ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও এখনো জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি তাঁর।

বাংলাদেশের পেস আক্রমণে মুশফিকের সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। তবে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।

দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। এ ছাড়া প্রায় এক বছর পর টেস্ট দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিক।

বাংলাদেশ দল আগামী ১ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে। ৬ থেকে ৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

১৩ আগস্ট ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকায়েতে।

২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সর্বশেষ সফরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!