বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করার পর এবার হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে দায়িত্ব বদলালেও জাতীয় দলের সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই থাকবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার দেশ ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন বলেন, এইচপি দলের খেলোয়াড়দের সঙ্গে কাজ করলেও জাতীয় দলের কোচিং কাঠামোর সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকবে।
তিনি বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। এমন নয় যে আমি পুরোপুরি আলাদা হয়ে গেছি। এই ছেলেদের সঙ্গে আমাদের একটা সংযোগ থাকবে এবং সেটা ভবিষ্যতেও বজায় থাকবে।’
জাতীয় দলের বাইরে আছেন—এমন অনুভূতি কখনো হয়নি বলেও জানান এই কোচ। তাঁর ভাষায়, ‘আমি কখনোই মনে করি না যে আমি জাতীয় দলের বাইরে আছি।’
এইচপি দলের দায়িত্বকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখছেন সালাউদ্দিন। তিনি বলেন, এবার দুটি এইচপি দল বিদেশ সফরে যাচ্ছে—একটি অস্ট্রেলিয়ায়, অন্যটি দক্ষিণ আফ্রিকায়। তরুণ ক্রিকেটারদের জন্য এটি নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় সুযোগ।
সালাউদ্দিনের মতে, এসব সফরের মাধ্যমে খেলোয়াড়েরা আন্তর্জাতিক মানের ক্রিকেটে নিজেদের অবস্থান সম্পর্কে বাস্তব ধারণা পাবেন এবং ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!