খেলাধুলা

ভিনিসিয়ুসকে পেতে রেকর্ড ফি দিতে হতে পারে আর্সেনাল

আপডেট: জুলা ২৭, ২০২৬ : ০৬:১৪ এএম
ভিনিসিয়ুসকে পেতে রেকর্ড ফি দিতে হতে পারে আর্সেনাল

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে এখনো কোনো সমঝোতার ইঙ্গিত মেলেনি। এই পরিস্থিতিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল। তবে তাঁকে পেতে হলে ক্লাবটিকে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি গুনতে হতে পারে বলে জানিয়েছে ইউরোপীয় সংবাদমাধ্যম।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ–এর প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসকে দলে আনতে আর্সেনাল ক্লাব ইতিহাসের সর্বোচ্চ বেতনের প্রস্তাব দিতে প্রস্তুত। বর্তমানে রিয়ালে তিনি সপ্তাহে ৪ লাখ ৭০ হাজার ইউরো বেতন পান। আর্সেনালের প্রস্তাব সেই অঙ্কের চেয়েও বেশি হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, ভিনিসিয়ুসকে ছাড়তে অন্তত ১৬০ মিলিয়ন ইউরো (১৩৭ মিলিয়ন পাউন্ড) ট্রান্সফার ফি চেয়েছে রিয়াল মাদ্রিদ।

এই অঙ্কে চুক্তি হলে ইংলিশ ফুটবলের সবচেয়ে ব্যয়বহুল দলবদলের রেকর্ড গড়বে আর্সেনাল। বর্তমানে সেই রেকর্ডটি লিভারপুলের। তারা নিউক্যাসল ইউনাইটেড থেকে আলেক্সান্ডার ইসাককে ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ নির্ধারিত অর্থের কমে আলোচনায় বসতে আগ্রহী নয়। ফলে ভিনিসিয়ুসকে দলে টানতে চাইলে আর্সেনালকে রেকর্ড অঙ্কের অর্থ ব্যয় করতেই হতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!