খেলাধুলা

আগামী মাসে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট

আপডেট: জুলা ২৮, ২০২৬ : ০৫:৫৮ এএম
আগামী মাসে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট

আগামী মাসেই দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোকে নিয়ে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে ক্রীড়া বিস্তারে উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগ এবং জেলা পর্যায়ে ‘স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

সোমবার রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২৬’-এর জাতীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আমিনুল হক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত ‘নতুন কুঁড়ি’ সাংস্কৃতিক আন্দোলনের আদলে বর্তমান সরকারের উদ্যোগে ক্রীড়াঙ্গনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর যাত্রা শুরু হয়েছে।

তিনি জানান, দেশের ক্রীড়াবিদদের পেশাদার কাঠামোর আওতায় আনতে ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও স্বীকৃতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা বাড়িয়ে ৫০০ জনকে বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন আগামী আগস্ট পর্যন্ত চলবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রতিযোগিতা শুরু হবে। প্রথম আসরে আটটি ইভেন্ট থাকলেও এবার ভলিবল ও টেবিল টেনিস যুক্ত হয়ে মোট ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে।

তিনি আরও জানান, জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ৩১০ জন খেলোয়াড়কে বিকেএসপিতে দুই মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। সেখান থেকে নির্বাচিত সেরা প্রতিভাদের খেলাধুলা ও শিক্ষার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে।

তরুণদের মাদক ও ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলা হবে। এর মধ্যে চলতি বছরই ১০টির নির্মাণকাজ শুরু হবে। একই সঙ্গে বিভাগীয় শহরগুলোর বিকেএসপিকে আরও স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলা সম্প্রসারণে ২০১ জন উপজেলা ক্রীড়া কর্মকর্তা নিয়োগের নির্দেশনা পাওয়া গেছে এবং আরও ২৯৪ জনের নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আগামী মাসেই ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিও চলছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!