ব্রাজিলের জার্সিতে আর না–ও দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে। জাতীয় দলের হয়ে তাঁর অধ্যায় শেষ হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।
মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪–২ গোলের জয়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে এমন মন্তব্য করেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
নেইমার বলেন, জাতীয় দলে তাঁর সময় শেষ হয়েছে বলেই মনে করছেন। ব্রাজিলের হয়ে ইতিহাস গড়তে পেরে তিনি গর্বিত। জাতীয় দলের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তাঁর ভাষায়, হলুদ জার্সির জন্য সবসময় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। তবে এখন আর জাতীয় দলে ফেরার ইচ্ছা নেই।
চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২–১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন নেইমার। ম্যাচ শেষে তখনও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, সেটিই হয়তো জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ।
বিশ্বকাপ থেকে সেই বিদায়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েন ব্রাজিলিয়ান তারকা। ১৯৯০ সালের পর এটিই ছিল বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে দ্রুত বিদায়। একই সঙ্গে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ষষ্ঠ শিরোপার অপেক্ষাও আরও দীর্ঘ হয়।
২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর চারটি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন নেইমার। ১৩০টি আন্তর্জাতিক ম্যাচে ৮০ গোল ও ৫৮টি অ্যাসিস্ট নিয়ে তিনি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
ক্লাব পর্যায়ে সান্তোস, বার্সেলোনা ও প্যারিস সেইন্ট–জার্মেইনের হয়ে অসংখ্য শিরোপা জিতলেও ব্রাজিলের জার্সিতে তাঁর একমাত্র সিনিয়র আন্তর্জাতিক শিরোপা ২০১৩ সালের ফিফা কনফেডারেশনস কাপ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!