খেলাধুলা

২০.৬ বিলিয়ন ডলারে পৌঁছাল আইপিএলের বাজারমূল্য

আপডেট: জুলা ৩০, ২০২৬ : ০৫:০৪ এএম ১১
২০.৬ বিলিয়ন ডলারে পৌঁছাল আইপিএলের বাজারমূল্য

বিশ্বের অন্যতম মূল্যবান ক্রীড়া লিগ হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএলের আনুমানিক বাজারমূল্য বেড়ে ২০ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ১০ দশমিক ৩ শতাংশ বেশি।

প্রতিবেদন অনুযায়ী, প্রতি ম্যাচ থেকে আয়ের দিক দিয়ে বিশ্বের ক্রীড়া লিগগুলোর মধ্যে কেবল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) আইপিএলের চেয়ে এগিয়ে।

আইপিএলের সবচেয়ে মূল্যবান ফ্র্যাঞ্চাইজি হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। বিরাট কোহলির দলটির ব্র্যান্ড মূল্য এখন ৩১২ মিলিয়ন ডলার।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোনসহ একটি বিনিয়োগকারী জোট প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারে আরসিবি অধিগ্রহণ করেছে। এটিকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি বিক্রির চুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের চুক্তিতে রাজস্থান রয়্যালসের মালিকানায়ও পরিবর্তন এসেছে। ভারতের শিল্পপতি লক্ষ্মী এন. মিত্তাল ও তাঁর পরিবারের নেতৃত্বাধীন একটি জোট ভ্যাকসিন উদ্যোক্তা আদার পুনাওয়ালার সঙ্গে যৌথভাবে ফ্র্যাঞ্চাইজিটির নিয়ন্ত্রণ নিয়েছে।

হুলিহান লোকির কর্মকর্তা হর্ষ তালিকোটি বলেন, ২০২৬ সালে ক্রিকেট আরও দ্রুত বৈশ্বিক বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সম্পদে পরিণত হচ্ছে। তাঁর মতে, সাম্প্রতিক বড় বিনিয়োগগুলো আইপিএলের দীর্ঘমেয়াদি সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আস্থারই প্রতিফলন।

২০০৮ সালে যাত্রা শুরু করা আইপিএল এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অন্যতম প্রধান আয়ের উৎস। ২০২০ সালের একটি হিসাব অনুযায়ী, লিগটি ভারতের অর্থনীতিতে বছরে ১১ বিলিয়ন ডলারের বেশি অবদান রাখে বলে ধারণা করা হয়।

আইপিএলের বাণিজ্যিক সাফল্যের অনুপ্রেরণায় বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি–টোয়েন্টি ক্রিকেট লিগ চালু হয়েছে। একই সঙ্গে ভারতে বক্সিং, ব্যাডমিন্টন, কাবাডিসহ বিভিন্ন খেলাতেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগের বিস্তার ঘটেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!