খেলাধুলা

বার্সেলোনাকে বিদায় জানিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন রাশফোর্ড

আপডেট: আগ ০১, ২০২৬ : ০৫:২৩ এএম ১০
বার্সেলোনাকে বিদায় জানিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন রাশফোর্ড

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় এক মৌসুম ধারে খেলার অধ্যায় শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ইংলিশ উইঙ্গার মার্কাস রাশফোর্ড। বিদায়ের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনা, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

২৮ বছর বয়সী রাশফোর্ড তাঁর বার্তায় লেখেন, ‘এখানে কাটানো সময়কে ইতিবাচক ও স্মরণীয় করে রাখার জন্য ক্লাবের সবাইকে ধন্যবাদ। প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। অসাধারণ কিছু স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি। বার্সেলোনা ও এর সমর্থকদের আগামী মৌসুমের জন্য শুভকামনা।’

রাশফোর্ডের বিদায়ী বার্তার জবাবে বার্সেলোনা তাদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, রাশি। তুমি সব সময় আমাদেরই একজন হয়ে থাকবে।’

২০২৫–২৬ মৌসুমে ধারে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল ও ১৪টি অ্যাসিস্ট করেন রাশফোর্ড। লা লিগা শিরোপা জয়ে তাঁর অবদানও ছিল উল্লেখযোগ্য।

তবে মৌসুম শেষে তাঁকে স্থায়ীভাবে দলে ভেড়ানোর উদ্যোগ নেয়নি বার্সেলোনা। ক্লাবটি নতুন মৌসুমের আগে উইঙ্গার অ্যান্টনি গর্ডন ও কারিম আদেয়েমিকে দলে নেওয়ায় রাশফোর্ডের ন্যু ক্যাম্পে থাকার সম্ভাবনা শেষ হয়ে যায়।

ধারের মেয়াদ শেষ হওয়ায় এখন ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রাশফোর্ড। নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে ২২ আগস্ট হাল সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ইউনাইটেডের হয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তাঁর।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!