খেলাধুলা

মেসির সঙ্গে খেলতেই মিয়ামিতে, তাঁকে ‘ফুটবলের ঈশ্বর’ বললেন কাসেমিরো

আপডেট: আগ ০১, ২০২৬ : ০৫:২৫ এএম
মেসির সঙ্গে খেলতেই মিয়ামিতে, তাঁকে ‘ফুটবলের ঈশ্বর’ বললেন কাসেমিরো

লিওনেল মেসির সঙ্গে এক দলে খেলার সুযোগ পাওয়াকে নিজের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ইন্টার মিয়ামিতে যোগ দিয়ে তিনি আর্জেন্টাইন মহাতারকাকে ‘ফুটবলের ঈশ্বর’ বলে অভিহিত করেছেন এবং তাঁকে আরও শিরোপা জিততে সহায়তা করার ইচ্ছার কথা জানিয়েছেন।

সম্প্রতি ফ্রি এজেন্ট হিসেবে ইন্টার মিয়ামিতে যোগ দেন কাসেমিরো। তাঁর সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ ২০২৭ মৌসুম পর্যন্ত। এমএলএসের নিয়ম অনুযায়ী, চাইলে এই চুক্তি ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানো যাবে।

সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে কাসেমিরো বলেন, ‘নিঃসন্দেহে সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে খেলতেই আমি এখানে এসেছি। আমি তাঁকে জয়ের ধারায় রাখতে সাহায্য করতে চাই। তিনি একজন জন্মগত বিজয়ী। আমি তাঁর পাশে থেকে আরও সাফল্য অর্জন করতে চাই।’

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ইতালি ও ইউরোপের আরও কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত ইন্টার মিয়ামিকেই বেছে নেন কাসেমিরো। তাঁর ভাষ্য, মেসির সঙ্গে খেলার সুযোগই এই সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে বড় কারণ।

তিনি বলেন, ‘আমি ঠিক যেখানে থাকতে চেয়েছিলাম, সেখানেই আছি। মেসির সঙ্গে সময়টা উপভোগ করতে চাই, তাঁকে জিততে সাহায্য করতে চাই। ফুটবলের ঈশ্বর মেসি, আর আমি তাঁর পাশে থেকে দলের সাফল্যে অবদান রাখতে চাই।’

স্প্যানিশ লিগে প্রায় এক দশক প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হওয়ার স্মৃতিও তুলে ধরেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলতে গিয়ে বার্সেলোনার মেসিকে থামানো কতটা কঠিন ছিল, সেটিও স্বীকার করেন তিনি।

কাসেমিরো বলেন, ‘মেসি আমাকে যত সমস্যায় ফেলেছে, তাতে তাঁর সঙ্গে খেলার স্বপ্ন দেখাই স্বাভাবিক। তাঁকে একা কখনোই থামাতে পারিনি। সব সময় সতীর্থদের সহায়তা প্রয়োজন হতো। এখন তাঁর সতীর্থ হতে পেরে আমি খুবই আনন্দিত।’

ইন্টার মিয়ামির হয়ে ইতিমধ্যে অভিষেক হয়েছে কাসেমিরোর। গত শনিবার সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ১–০ গোলের জয়ের ম্যাচে প্রথমবারের মতো মাঠে নামেন তিনি।

অন্যদিকে, বিশ্বকাপের পর এখনো প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি মেসি। তবে গত বুধবার তিনি ইন্টার মিয়ামির অনুশীলনে যোগ দিয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!