খেলাধুলা

সাড়ে চার বছর পর টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট রশিদ খানের

আপডেট: আগ ০৪, ২০২৬ : ০৫:৩৯ এএম
সাড়ে চার বছর পর টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট রশিদ খানের

দীর্ঘ সাড়ে চার বছর অপেক্ষার পর আবারও টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে দুর্দান্ত বোলিংয়ে এমআই লন্ডনের জয়েও বড় ভূমিকা রাখেন তিনি।

সোমবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ১৮তম ম্যাচে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে ২০ বলে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন রশিদ। তাঁর বিধ্বংসী বোলিংয়ে প্রতিপক্ষকে ৪৫ রানে হারায় এমআই লন্ডন। টি-টোয়েন্টি পরিসংখ্যানে এটি রশিদের প্রথম পাঁচ উইকেট ২০২২ সালের জানুয়ারির পর। ওই সময় বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ব্রিসবেন হিটের বিপক্ষে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। সেটিই এখনো তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং।

এরপর টানা ২৪৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেও ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেটের দেখা পাননি আফগান এই স্পিনার। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো দ্য হান্ড্রেডে।

যদিও এটি ১০০ বলের টুর্নামেন্ট, তবু আনুষ্ঠানিক পরিসংখ্যানে দ্য হান্ড্রেডের বোলিং ও ব্যাটিং রেকর্ড টি-টোয়েন্টির হিসাবেই গণ্য করা হয়।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকাতেও শীর্ষে রয়েছেন রশিদ খান। ৫৪৭ ম্যাচে তাঁর উইকেটসংখ্যা ৭৩৬। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন ৬০৭ ম্যাচে নিয়েছেন ৬৪৬ উইকেট। আর তৃতীয় স্থানে থাকা সাবেক পেসার ডোয়াইন ব্রাভোর সংগ্রহ ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!