খেলাধুলা

দুর্নীতির দায়ে আট বছরের নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার রেড্ডি

আপডেট: আগ ০৪, ২০২৬ : ০৫:৪১ এএম ১০
দুর্নীতির দায়ে আট বছরের নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার রেড্ডি

দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম অখিলেশ রেড্ডিকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার এক বিবৃতিতে আইসিসি জানায়, স্বাধীন দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল রেড্ডিকে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার তিনটি ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে। তাঁর নিষেধাজ্ঞা কার্যকর ধরা হয়েছে ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে। ওই দিনই তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

আইসিসির তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ শাস্তি দেওয়া হয়েছে। ওই আসরে এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়োগে আইসিসির দুর্নীতিবিরোধী কর্মকর্তারা (ডিএসিও) দায়িত্ব পালন করেন।

তদন্তে ২৬ বছর বয়সী রেড্ডির বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার ২.১.১ ধারায় ম্যাচের ফলাফল বা গতিপথ প্রভাবিত করার উদ্দেশ্যে ফিক্সিং বা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২.১.৪ ধারায় অন্য একজন ক্রিকেটারকে ম্যাচ পাতানোর উদ্দেশ্যে প্ররোচিত বা সহায়তা করার অভিযোগ এবং ২.৪.৭ ধারায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে। আইসিসি জানিয়েছে, তদন্ত চলাকালে নিজের মোবাইল ফোন থেকে সংশ্লিষ্ট তথ্য ও বার্তা মুছে ফেলে তদন্তে বিঘ্ন ঘটিয়েছিলেন রেড্ডি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!