মাত্র এক ভোটের ব্যবধানে অ্যালেক্স ক্যারিকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড। এ নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি জিতলেন অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ অ্যালান বোর্ডার মেডেল।
২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের ২৪ জানুয়ারি পর্যন্ত ক্রিকেটারদের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এবারের পুরস্কার দেওয়া হয়েছে। ভোটে হেড পেয়েছেন ১৫৩ ভোট, ক্যারি ১৫২ এবং মিচেল স্টার্ক ১৫০ ভোট।
টানা দ্বিতীয়বার অ্যালান বোর্ডার মেডেল জিতে হেড এখন এই পুরস্কার একাধিকবার পাওয়া ষষ্ঠ ক্রিকেটার। এর আগে একাধিকবার এ পুরস্কার জিতেছেন রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথ—চারবার করে; ডেভিড ওয়ার্নার—তিনবার এবং শেন ওয়াটসন—দুইবার।
ব্রিসবেনে আয়োজিত অনুষ্ঠানে হেডের হাতে মেডেল তুলে দেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও অ্যালান বোর্ডার নিজেই। পুরস্কার পাওয়ার পর হেড বলেন, অ্যালান বোর্ডারের কাছ থেকে মেডেল পেয়ে তিনি অত্যন্ত সৌভাগ্যবান ও সম্মানিত বোধ করছেন।
হেড বলেন, ‘ভাবতে বেশ ভালো লাগছে, আমি দুটি মেডেল পেয়েছি। আমার সন্তানেরা ২০ বছর পর সেগুলো দেখতে পারবে। আমি এগুলোর বিষয়ে তাদের বলতে পারব।’
গত অ্যাশেজ সিরিজে ঘরের মাঠে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন হেড। পাঁচ ম্যাচের সিরিজে তিনটি সেঞ্চুরিসহ ৬২৯ রান করেন তিনি। পার্থে সিরিজের প্রথম টেস্টে ৮৩ বলে ১২৩, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ১৭০ এবং সিডনিতে ১৬৩ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার।
এবারের পুরস্কারে হেডের সঙ্গে জোর লড়াই হয়েছে অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্কের। শেষ পর্যন্ত মাত্র এক ভোটের ব্যবধানে ক্যারিকে পেছনে ফেলেন হেড।
অনুষ্ঠানে মিচেল স্টার্ক নির্বাচিত হয়েছেন শেন ওয়ার্ন টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার। প্রয়াত অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের বাবা কিথ ওয়ার্নের কাছ থেকে পুরস্কার নেন স্টার্ক।
এ ছাড়া অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মিচেল মার্শ এবং বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হয়েছেন টিম ডেভিড।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!