খেলাধুলা

আলভারেজকে বিক্রি করবে না অ্যাথলেটিকো

আপডেট: আগ ০৯, ২০২৬ : ০৫:৫৪ এএম
আলভারেজকে বিক্রি করবে না অ্যাথলেটিকো

বার্সেলোনার আগ্রহ থাকলেও চলতি দলবদলের মৌসুমে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে বিক্রি করবে না অ্যাথলেটিকো মাদ্রিদ। ক্লাবটির কোচ দিয়েগো সিমিওনে এ কথা জানিয়েছেন।

গত মাসে আলভারেজকে দলে ভেড়ানোর জন্য বার্সেলোনা গোপনে চেষ্টা করেছে—এমন অভিযোগ তুলে ফিফার কাছে অভিযোগ করেছিল অ্যাথলেটিকো। এর মধ্যে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গেও আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছে। গত জুনে আলভারেজকে দলে নিতে রিয়াল মাদ্রিদের ১৫ কোটি ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিল অ্যাথলেটিকো।

সিউলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের আগে সাংবাদিকদের সিমিওনে বলেন, ‘আমার মনে হয় পরিস্থিতি খুবই পরিষ্কার। ক্লাব একটি সিদ্ধান্ত নিয়েছে, যা প্রধান নির্বাহী কর্মকর্তা গিল মারিন খুব ভালোভাবেই ব্যাখ্যা করেছেন।’

তিনি বলেন, ‘খেলার দিক থেকে আমরা জুলিয়ানের মতো একজন ফুটবলারকে পেয়ে খুবই আনন্দিত। আমরা তাকে আরও বিকশিত হতে, আরও উন্নতি করতে এবং নিজের সেরাটা দিতে সাহায্য করব। গত দুই বছরে সে আমাদের জন্য যা করেছে, তার পরিমাণ ছিল অসাধারণ।’

দুই বছর আগে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৪৯ গোল করেছেন ২৬ বছর বয়সী আলভারেজ।

ক্লাবের নিজস্ব মিডিয়া চ্যানেলকে অ্যাথলেটিকোর প্রধান নির্বাহী কর্মকর্তা গিল মারিন বলেন, ‘আমরা তাকে বিক্রি করতে চাই না। ১০ কোটি ইউরোর প্রস্তাবও আমরা গ্রহণ করিনি। ১৫ কোটি বা ২০ কোটি ইউরোর প্রস্তাবও গ্রহণ করব না।’

তিনি আরও বলেন, ‘জুলিয়ানের জন্য অ্যাথলেটিকোই সঠিক জায়গা এবং জুলিয়ানই অ্যাথলেটিকো মাদ্রিদের সেন্টার ফরোয়ার্ড। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমরা তাকে ধরে রাখতে চাই।’

আলভারেজকে নিয়ে দলবদলের গুঞ্জনের পর অ্যাথলেটিকোর সমর্থকেরা তাঁকে কীভাবে গ্রহণ করবেন—এমন প্রশ্নের জবাবে সিমিওনে সাবেক ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজমানের উদাহরণ দেন।

ফরাসি এই তারকা একসময় বড় অঙ্কের অর্থের বিনিময়ে অ্যাথলেটিকো ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। পরে আবার অ্যাথলেটিকোয় ফিরে এলে শুরুতে সমর্থকদের একাংশের বিরোধিতার মুখে পড়েন। তবে পারফরম্যান্স দিয়ে সমর্থকদের মন জয় করেন এবং গত মৌসুমে ক্লাবের কিংবদন্তি হিসেবেই বিদায় নেন।

সিমিওনে বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে আঁতোয়ানকে নিয়ে আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে গিয়েছি, যখন তাকে চলে যেতে হয়েছিল। পরে ফিরে এসে মাঠে নিজের মান ও সামর্থ্য প্রমাণ করতে হয়েছিল।’

তিনি বলেন, ‘আমি খেলাধুলার দিকটিতে মনোযোগ দেওয়া, নিজেদের দায়িত্ব পালন করা এবং আলভারেজকে সাহায্য করা ছাড়া অন্য কোনো পথ দেখি না। গত কয়েক বছর আমরা যেমনটা করে এসেছি, এবারও সেটাই করব।’

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর ছুটি কাটিয়ে কয়েক দিনের মধ্যেই অ্যাথলেটিকোর অনুশীলনে যোগ দেওয়ার কথা আলভারেজের। জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলার সময় তিনি বলেছিলেন, ‘সবার জন্যই দলবদল সবচেয়ে ভালো হবে বলে আমি বিশ্বাস করি।’ তবে কোন ক্লাবে যেতে চান, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি।

আগামী ১৯ আগস্ট ঘরের মাঠে সদ্য উন্নীত মালাগার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করবে অ্যাথলেটিকো মাদ্রিদ।

গত মৌসুমে চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে থেকে লিগ টেবিলের চতুর্থ স্থানে মৌসুম শেষ করেছিল রাজধানীর ক্লাবটি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!