কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াজের দুর্দান্ত এক গোলে অ্যাস্টন ভিলাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। শুক্রবার হংকংয়ে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে তারুণ্যনির্ভর দল নিয়ে খেলতে নেমেও জয় পেয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।
কলম্বিয়ার হয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার পথে দারুণ পারফরম্যান্স করা দিয়াজ বায়ার্নের জার্সিতেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। গত মৌসুমে জার্মান লিগ ও কাপের শিরোপাজয়ী বায়ার্ন এবং ইউরোপা লিগের চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচে তিনিই ছিলেন অন্যতম আকর্ষণ।
৩৭ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। ফ্রি-কিক থেকে পাওয়া বলে ছয় গজ দূর থেকে মাথা ছুঁইয়ে গোল করেন দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার কিম মিন-জায়ে। দ্বিতীয়ার্ধে বায়ার্ন বেঞ্চ থেকে কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে মাঠে নামায়। এতে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে তারা। দিয়াজের একটি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন ভিলার এক খেলোয়াড়।
তবে ৭৩ মিনিটে আর ঠেকানো যায়নি দিয়াজকে। বাম প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে শক্তিশালী শট নেন তিনি। বলটি ক্রসবারে লেগে জালে জড়ায়।
দিয়াজের দুর্দান্ত গোলটি হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৩৮ হাজার দর্শকের বড় অংশকে উচ্ছ্বসিত করে তোলে। গ্যালারিতে বায়ার্নের সমর্থকের সংখ্যাই ছিল বেশি। ৮৩ মিনিটে ব্যবধান কমায় অ্যাস্টন ভিলা। নতুন চুক্তিবদ্ধ হুয়াও গোমেজের নেওয়া শট বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে কোনো সুযোগই দেয়নি।
এর কিছুক্ষণ পর সমতায় ফেরার সুযোগ পায় ভিলা। তবে অভিজ্ঞ জার্মান গোলরক্ষক নয়্যার পোস্টের কাছ থেকে টামি আব্রাহামের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।
বায়ার্নের মাইকেল ওলিসে ও হ্যারি কেনসহ বিশ্বকাপে অংশ নেওয়া বেশ কয়েকজন তারকা হংকং সফরে দলের সঙ্গে ছিলেন না। ম্যাচ শেষে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের সত্যিই বলেছি যে এই পারফরম্যান্সে আমি মুগ্ধ। কারণ আপনি জানেন কারা এখানে আছে, আবার কারা নেই।’
তিনি আরও বলেন, ‘এই ধরনের ম্যাচে নেমে একই রকম থাকা এবং বায়ার্ন মিউনিখের মতো খেলতে পারা অত্যন্ত কঠিন। শেষ ১০-১৫ মিনিট কিছুটা প্রাক-মৌসুমেরই প্রতিফলন ছিল—অনেক পরিবর্তন হয়েছে। একজন কোচ হিসেবে সেই অর্থে ম্যাচ নিয়ন্ত্রণ করা আরও কঠিন।’
এদিকে ইংল্যান্ডের মিডফিল্ডার মরগান রজার্সকে ছাড়া নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে অ্যাস্টন ভিলা। গত মাসে রজার্সকে চেলসির কাছে ছেড়ে দিয়েছে তারা। তাঁকে দলে নিতে চেলসি ১১ কোটি ৭০ লাখ পাউন্ড খরচ করেছে বলে জানা গেছে, যা ব্রিটিশ ফুটবলের ইতিহাসে রেকর্ড অঙ্ক।
আগামী বুধবার ইউরোপিয়ান সুপার কাপে প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। এরপর ২৩ আগস্ট প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ব্রাইটনের মাঠে খেলবে তারা। অন্যদিকে ২৮ আগস্ট ঘরের মাঠে স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন বুন্দেসলিগা মৌসুম শুরু করবে বায়ার্ন মিউনিখ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!