খেলাধুলা

২০২৮ কোপা আমেরিকায় খেলতে মেসিকে চাপ দেবে না আর্জেন্টিনা

আপডেট: আগ ০৯, ২০২৬ : ০৫:৫৯ এএম
২০২৮ কোপা আমেরিকায় খেলতে মেসিকে চাপ দেবে না আর্জেন্টিনা

২০২৮ সালের কোপা আমেরিকায় খেলতে লিওনেল মেসিকে কোনো ধরনের চাপ দেওয়া হবে না বলে জানিয়েছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। জাতীয় দলের হয়ে কখন খেলবেন, আর কখন বিরতি নেবেন—সেই সিদ্ধান্ত মেসির ওপরই ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

৩৯ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন। টুর্নামেন্টে আট গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে বিশ্বকাপের পর জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি আর্জেন্টাইন অধিনায়ক।

২০২৮ কোপা আমেরিকায় মেসি খেলবেন কি না—এমন প্রশ্নের জবাবে স্থানীয় টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে তাপিয়া বলেন, ‘এটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’

মেসির প্রশংসা করে এএফএ সভাপতি বলেন, ‘মাঠে তাকে খেলতে দেখে আমি আনন্দ পেয়েছি। এই বিশ্বকাপে সে ছিল দলের মানদণ্ড, যেমনটা সে প্রতিটি প্রতিযোগিতাতেই খেলে এসেছে। তাকে নিজের ভেতর থেকে অনুভব করতে হবে যে সে খেলতে চায়।’

তাপিয়া বলেন, ২০২২ বিশ্বকাপের সময়ও তাঁরা জানতেন না মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। তখন মেসি ‘একটি করে ম্যাচ’ ধরে এগোনোর কথা বলেছিলেন। এরপর তাঁকে ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ে দেখা গেছে। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকাতেও শিরোপা জেতেন তিনি।

আর্জেন্টিনার হয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি রেকর্ড ২০৭ ম্যাচ খেলেছেন এবং ১২৫ গোল করেছেন। তিনিই দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

ইন্টার মায়ামির এই তারকার বিষয়ে তাপিয়া বলেন, ‘আমাদের তাকে নিয়ে গর্বিত হওয়া উচিত। সে যেন ফুটবল খেলা উপভোগ করে যেতে পারে, আমরাও যেন তাকে খেলতে দেখে আনন্দ পেতে পারি। আর সে যেন নিজের জন্য যেটিকে সঠিক মনে করে, সেই সিদ্ধান্তই নেয়।’

স্কালোনিকেও ধরে রাখতে চান তাপিয়া

এদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকেও দায়িত্বে রাখার চেষ্টা করছেন তাপিয়া। চলতি বছরের শেষ দিকে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানিয়েছিলেন স্কালোনি।

তাঁকে ধরে রাখার বিষয়ে তাপিয়া বলেন, ‘আমার প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি—সবই স্কালোনি। আমি চাই সে চালিয়ে যাক, আমরা সবাই চাই সে চালিয়ে যাক। তবে তার সিদ্ধান্তকে আমাকে সম্মান করতে হবে।’

তিনি আরও বলেন, স্কালোনিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিতে হবে। যদি তিনি মনে করেন তাঁর আর প্রয়োজনীয় প্রেরণা নেই কিংবা ভবিষ্যতে সাফল্য পাওয়ার কোনো পথ দেখতে পাচ্ছেন না, তাহলে তাঁকে জোর করে দায়িত্বে রাখা সম্ভব নয়।

৪৮ বছর বয়সী স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসের অন্যতম সফল কোচ। ২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর অধীনে টানা তিনটি বড় আন্তর্জাতিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা—২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা।

জাতীয় দলের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করে তাপিয়া বলেন, বিশ্বকাপের সময় দলটি আবারও পুরো আর্জেন্টাইন জাতিকে একত্রিত করেছে।

তাঁর ভাষায়, ‘এটি সর্বকালের সেরা জাতীয় দল। জাতীয় দল পুরো আর্জেন্টাইন জনগণের জীবনে আনন্দ এনে দিয়েছে। এটি মানুষকে একটি দলের সঙ্গে নিজেদের একাত্ম করতে পেরেছে।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!