খেলাধুলা

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট, রোমাঞ্চিত তাসকিন

আপডেট: আগ ১১, ২০২৬ : ০৫:৩১ এএম
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট, রোমাঞ্চিত তাসকিন

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে টেস্ট খেলার সুযোগকে সম্মানের ও গর্বের বলে মনে করছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ।

২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে অংশ নেওয়া কোনো ক্রিকেটারই এখনকার বাংলাদেশ দলে নেই। ফলে নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগটি বিশেষ কিছু বলে মনে করছেন তাসকিন।

ডারউইনে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পেরে আমি সম্মানিত বোধ করছি। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।’

অস্ট্রেলিয়ার সঙ্গে তাসকিনের অবশ্য আগের অভিজ্ঞতা রয়েছে। ২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। এরপর ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও অস্ট্রেলিয়া সফর করেছেন এই পেসার।

তবে এবার টেস্ট সিরিজটি কঠিন হবে বলেই মনে করেন তাসকিন। তাঁর ভাষায়, ‘নিশ্চিতভাবেই আমাদের জন্য সিরিজটা সহজ হবে না। সিরিজে আমরা নিজেদের সেরাটা দিতে আশাবাদী।’

অস্ট্রেলিয়াকে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবেও উল্লেখ করেছেন তিনি। তাসকিন বলেন, ‘অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। এটি নিয়ে কোনো সন্দেহ নেই।’

টেস্ট সিরিজের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে অবশ্য ভালো করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ও ৩৮ রানে ম্যাচটি হারে তারা। তবে এই হার টেস্ট সিরিজে দলের আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করেন তাসকিন।

তিনি বলেন, ‘হেরে যাওয়ার অনুভূতিটা অবশ্যই সুখকর ছিল না। ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা এখানকার কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ম্যাচ হারলেও ভালো প্রস্তুতি হয়েছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে পাঁচটিতে হেরেছে, জয় পেয়েছে একটিতে। ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়টি পেয়েছিল বাংলাদেশ।

সাম্প্রতিক সময়ে অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। গত জুনে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। সেই জয় থেকে আত্মবিশ্বাস নিচ্ছেন তাসকিন।

তাসকিন বলেন, ‘সবাই মিলে দারুণ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিলাম। ওই সিরিজ আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। তবে হোম ও অ্যাওয়ে কন্ডিশনের মধ্যে বড় পার্থক্য থাকে। দেখা যাক এবার কী হয়।’

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ–অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!