আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক হেরোনিমো রুল্লিকে দুই বছরের চুক্তিতে দলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব মার্সেই থেকে ৩৪ বছর বয়সী এই গোলরক্ষককে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দুই ক্লাবই।
সিটিতে রুল্লি মূল গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার পর দ্বিতীয় পছন্দ হিসেবে দায়িত্ব পালন করবেন। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার বিষয়ে রুল্লি বলেন, ‘এটি আমার জন্য দারুণ একটি সুযোগ, আর আমাকে সেটি কাজে লাগাতেই হতো।’
এর আগে ২০১৬-১৭ মৌসুমে ম্যানচেস্টার সিটির সঙ্গে ছিলেন রুল্লি। তবে সে সময় মূল দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। প্রায় এক দশক পর আবারও ইত্তিহাদে ফিরলেন তিনি।
সিটিতে ফেরার বিষয়ে রুল্লি বলেন, ‘ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সুযোগ যখন আসে, তখন সেটি গ্রহণ করতেই হয়। সবাই জানে, এটি কতটা দুর্দান্ত একটি ক্লাব। দীর্ঘ সময় ধরে সিটির সাফল্য অসাধারণ।’
তিনি আরও বলেন, ‘সিটি সম্পর্কে যাদের সঙ্গে কথা বলেছি, সবাই আমাকে এখানে যোগ দিতে বলেছে। কারণ এটি অত্যন্ত উঁচু মানের একটি ক্লাব। এখন আমার কাজ কঠোর অনুশীলন করা, খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে পরিচিত হওয়া এবং নিজের সেরা পর্যায়ে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা।’
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার সদস্য
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত আটটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রুল্লি। ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন তিনি।
সর্বশেষ বিশ্বকাপের ফাইনালেও দলের সঙ্গে ছিলেন রুল্লি। সেই ম্যাচে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।
ইউরোপের ফুটবলে রিয়াল সোসিয়েদাদ, ভিয়ারিয়াল, মন্টপেলিয়ের ও আয়াক্সের মতো ক্লাবে খেলেছেন রুল্লি। ২০২১ সালের ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ভিয়ারিয়ালের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।
সেই ম্যাচের টাইব্রেকারে নিজে পেনাল্টি গোল করার পর ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড দে হেয়াকে একটি পেনাল্টি ঠেকিয়ে দেন রুল্লি। তাঁর নৈপুণ্যেই ১১-১০ ব্যবধানে ম্যাচ জিতে ইউরোপা লিগের শিরোপা ঘরে তোলে ভিয়ারিয়াল।
আর্থিক চাপে মার্সেই
ইউয়েফার আর্থিক সমতা-সংক্রান্ত লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় ১ কোটি ইউরো জরিমানা দিতে হয়েছে মার্সেইকে। ফলে আর্থিক হিসাবের ভারসাম্য ঠিক রাখতে চলতি গ্রীষ্মে খেলোয়াড় বিক্রি করছে ফরাসি ক্লাবটি।
২০২৫-২৬ মৌসুমে লিগ ওয়ানে পঞ্চম হওয়ায় আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগেও খেলতে পারবে না মার্সেই। ফলে বড় অঙ্কের আয়ের সুযোগ থেকেও বঞ্চিত হবে ক্লাবটি।
রুল্লির বিদায়ের আগে মঙ্গলবার আরেক আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনারও বিদায়ের ঘোষণা দিয়েছে মার্সেই। মাত্র এক মৌসুম পরই বায়ার লেভারকুজেনে যোগ দিয়েছেন তিনি।
এর আগে ইংলিশ ফরোয়ার্ড মেসন গ্রিনউডকে ফেনারবাখে এবং গ্যাবনের স্ট্রাইকার পিয়েরে-এমেরিক অবামেয়াংকে স্পেনের দেপোর্তিভো লা করুনায় ছেড়ে দিয়েছে মার্সেই। উচ্চ বেতনের কয়েকজন খেলোয়াড়কে বিদায় দিয়ে আর্থিক চাপ কমানোর চেষ্টা করছে ক্লাবটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!