দেশের ক্রিকেটের উন্নয়নে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ অবদান ছিল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, কোকো শুধু ক্রীড়া সংগঠক ছিলেন না, বাংলাদেশের ক্রিকেটকে একাডেমিভিত্তিক ও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন আমিনুল হক। অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
ক্রিকেটে কোকোর অবদান তুলে ধরলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
আমিনুল হক বলেন, ‘দেশের ক্রিকেট আজ যে অবস্থানে এসেছে, এর পেছনে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি খেলোয়াড় ছিলেন, ক্রীড়া সংগঠক ছিলেন। নিজে ওল্ড ডিওএইচএস ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে ক্রিকেটের বিকাশে কাজ করেছেন।’
ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন ও খেলোয়াড় তৈরিতে কোকোর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকে ‘হোম অব ক্রিকেট’ হিসেবে গড়ে তোলা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ক্রিকেটের উন্নয়নে কাজ করেছেন।
কোকোর উদ্যোগে একাডেমিভিত্তিক ক্রিকেটের পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার কার্যক্রমও এগিয়ে নেওয়া হয়েছিল বলে জানান আমিনুল হক।
তিনি আরও বলেন, ক্রীড়া কূটনীতির মাধ্যমে অস্ট্রেলিয়া থেকে কোচ এনে বাংলাদেশের ক্রিকেটকে একাডেমিভিত্তিকভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন কোকো। দেশের বিভিন্ন পর্যায়ের ক্রিকেটকে সমন্বিত করে একটি শক্তিশালী কাঠামো তৈরি করাই ছিল তাঁর লক্ষ্য।
বগুড়ায় ২০ একর জমিতে প্যারা স্পোর্টস কমপ্লেক্স
অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বগুড়ায় ২০ একর জমির ওপর এই কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের প্রতিবন্ধী ও প্যারা ক্রীড়াবিদদের একত্র করে এই কমপ্লেক্সের মাধ্যমে প্যারা স্পোর্টসকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
আমিনুল হক আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশের প্যারা ক্রীড়াবিদেরা এসএ গেমস, এশিয়ান গেমস ও অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতে দেশের গৌরব বাড়াবেন।
‘প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না’
অনুষ্ঠানে রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে সহমর্মিতার রাজনীতির ওপর গুরুত্ব দেন আমিনুল হক।
তিনি বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। সহমর্মিতার রাজনীতির মাধ্যমে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই।’
কোকোর মৃত্যুর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে থেকেই তাঁকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএম আবদুর রাজ্জাক, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!