বিশ্বকাপজয়ী স্পেনের ফরোয়ার্ড ফেরান তোরেসকে দলে ভিড়িয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে নিতে লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের খরচ হয়েছে প্রায় ৫ কোটি ইউরো।
পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ ফরোয়ার্ডের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি হয়েছে। পিএসজিতে যোগ দিয়ে তোরেস আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন কোচ লুইস এনরিকের সঙ্গে। স্পেনের জাতীয় দলের কোচ থাকাকালে ২০২০ সালে নেশন্স লিগে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে তোরেসকে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করিয়েছিলেন এনরিকে।
বার্সেলোনায় সাড়ে চার মৌসুম কাটিয়ে তিনটি লা লিগা শিরোপা জেতেন তোরেস। ২০২১-২২ মৌসুমের ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেওয়া এই ফরোয়ার্ড কাতালান ক্লাবটির হয়ে ২০৭ ম্যাচে করেছেন ৬৫ গোল। এর মধ্যে ২০২৫ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে করা গুরুত্বপূর্ণ গোলটিও রয়েছে।
সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ফাইনালেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ‘দ্য শার্ক’ নামে পরিচিত তোরেস। বদলি হিসেবে মাঠে নেমে অতিরিক্ত সময়ে গোল করে আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে দেন তিনি।
৬৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা তোরেসের পিএসজিতে যোগ দেওয়ায় ক্লাবটির আক্রমণভাগ আরও শক্তিশালী হলো। একই সঙ্গে তাঁর আগমনে পিএসজির ২৩ বছর বয়সী ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে দলে নেওয়ার ক্ষেত্রে লিভারপুলের সম্ভাবনাও বাড়তে পারে।
বারকোলাকে দলে নিতে কয়েক সপ্তাহ ধরে পিএসজির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে লিভারপুল। তবে ফরাসি ক্লাবটি প্রায় ১৫ কোটি ইউরো দাবি করায় এখনো চুক্তির পথে বড় বাধা হয়ে আছে ট্রান্সফার ফি।
তোরেসের বিদায়ে বার্সেলোনা এক বিবৃতিতে তাঁর নিষ্ঠা ও অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে এবং পেশাদার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!