নারী এশিয়া কাপ ও ২০তম এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আর এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট হবে জাপানের আইচি-নাগোয়ায়।
আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দুবাইয়ে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। ‘এ’ গ্রুপে খেলবে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং (চীন)।
৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ৮ সেপ্টেম্বর, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে। ১০ ও ১১ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সব ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।
এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
এশিয়ান গেমসে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ১৭ সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন।
চীনের বিপক্ষে জয় পেলে সেমিফাইনালে ভারত অথবা জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মণি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!