খেলাধুলা

নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

আপডেট: আগ ১৮, ২০২৬ : ০৫:৩৮ এএম
নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

গোলকিপার সময় নষ্ট করলে এবার থেকে শাস্তি হিসেবে এক মিনিটের জন্য দলের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে থাকতে হবে। পরীক্ষামূলকভাবে চালু হওয়া নতুন এই নিয়মে ব্রাজিলের সিরি আ-তে প্রথম শাস্তি পেলেন সান্তোসের অধিনায়ক নেইমার।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো গোলকিপারের চিকিৎসার কারণে খেলা বন্ধ থাকলে খেলা পুনরায় শুরুর সময় কোচকে অবশ্যই একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠাতে হবে। এ জন্য কোচকে ১০ সেকেন্ডের মধ্যে একজন খেলোয়াড় নির্বাচন করতে হবে।

কোচ নির্ধারিত সময়ের মধ্যে খেলোয়াড় নির্বাচন করতে না পারলে দলের অধিনায়ককে এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে। নেইমারকেই মাঠ ছাড়তে হলো সোমবার ভাস্কোর বিপক্ষে সান্তোসের ৩–০ গোলের জয়ের ম্যাচে ব্রাজিলের শীর্ষ লিগে প্রথমবারের মতো নিয়মটি প্রয়োগ করা হয়।

ম্যাচে সান্তোসের গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার জন্য মাঠে খেলা বন্ধ রাখার অনুরোধ করেন। এরপর নতুন নিয়ম অনুযায়ী সান্তোস কোচকে ১০ সেকেন্ডের মধ্যে একজন আউটফিল্ড খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নিতে হতো।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোচ সেই সিদ্ধান্ত নিতে পারেননি। ফলে নিয়ম অনুযায়ী রেফারি সান্তোসের অধিনায়ক নেইমারকে এক মিনিটের জন্য মাঠের বাইরে চলে যেতে বলেন।

পরীক্ষামূলকভাবে প্রিমিয়ার লিগসহ অন্যান্য প্রতিযোগিতাতেও গোলকিপারের সময়ক্ষেপণ ঠেকাতে এই নিয়ম চালু করা হচ্ছে। বিশ্বকাপে নেইমারের অভিজ্ঞতা

চলতি বছরের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ৩৪ বছর বয়সী নেইমার। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২–১ গোলে হারের ম্যাচে পেনাল্টি থেকে গোলও করেছিলেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!