বাংলাদেশের তানজিদ হাসান ও ইংল্যান্ডের হ্যারি ব্রুককে পেছনে ফেলে আইসিসির জুলাই মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রেভস।
মঙ্গলবার জুলাই মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নারীদের বিভাগে সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ।
জুলাই মাসে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতে নিয়েছেন গ্রেভস। গত মাসে দুই টেস্টে তিনি ২১৫ রান করার পাশাপাশি নিয়েছেন ৮ উইকেট।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩২৫ বলে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গ্রেভস। তাঁর ইনিংসে ম্যাচসেরা হয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বল হাতে দুর্দান্ত এক স্পেল করেন তিনি। টানা পাঁচ ওভারে কোনো রান না দিয়ে নেন ৫ উইকেট।
ওই টেস্টের দ্বিতীয় ইনিংসে আরও ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ৯০ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন গ্রেভস। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে।
তানজিদের দুর্দান্ত মাস
জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। দুই সংস্করণেই ব্যাট হাতে দারুণ সময় কাটান তানজিদ হাসান।
ওয়ানডে সিরিজে দুটি হাফ সেঞ্চুরির সাহায্যে ১৫৯ রান করেন তানজিদ। টি-টোয়েন্টি সিরিজেও দুটি হাফ সেঞ্চুরিতে করেন ১৪০ রান। দুই সিরিজেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। টি-টোয়েন্টি সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি।
ব্রুকের ব্যাটেও ঝড়
ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি হ্যারি ব্রুক। তবে টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ান ইংল্যান্ডের এই ব্যাটার।
চার ইনিংসে ২১৪.০১ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ২২৯ রান করেন ব্রুক। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
নারীদের বিভাগে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ। তাঁর সঙ্গে সেরার দৌড়ে ছিলেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট ও শ্রীলঙ্কার হার্শিতা সামারাবিক্রমা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!