দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম চার দিনের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ ‘এ’ দল।
প্রথম চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন। দলে রয়েছেন জাতীয় দলের হয়ে খেলা নাঈম শেখ, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন ও নাঈম হাসানসহ একঝাঁক তরুণ ক্রিকেটার।
প্রথম চার দিনের ম্যাচটি ২৩ থেকে ২৬ আগস্ট প্রিটোরিয়ায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ হবে ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে।
এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ সেপ্টেম্বর। প্রথম ওয়ানডে হবে ব্লুমফন্টেইনে। দ্বিতীয় ম্যাচ ৯ সেপ্টেম্বর কিম্বার্লিতে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ১২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে।
যারা আছেন ‘এ’ দলে
বাংলাদেশ ‘এ’ দলে রাখা হয়েছে নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী আলিনকে।
দক্ষিণ আফ্রিকা সফরটি বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ফলে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা তরুণ ক্রিকেটারদের জন্য কাজে আসতে পারে।
দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডেতে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!