খেলাধুলা

ছয় সপ্তাহ পর বোলিংয়ে ফিরলেন নাহিদ রানা

আপডেট: সেপ্টে ০১, ২০২৬ : ০৬:০৫ এএম ৩২ ০
ছয় সপ্তাহ পর বোলিংয়ে ফিরলেন নাহিদ রানা

ইনজুরির কারণে প্রায় ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার পর আবার বোলিং শুরু করেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার নাহিদ রানা। আজ মিরপুর একাডেমি মাঠে ছোট রান-আপে বোলিং করেছেন তিনি।

জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের ও ফিজিও বায়েজিদুল ইসলামের তত্ত্বাবধানে বোলিং করেন ২৩ বছর বয়সী এই পেসার। আপাতত রানাকে ধীরে ধীরে বোলিংয়ে ফেরানোর প্রক্রিয়া চলছে।

জিম্বাবুয়ের বিপক্ষে গত জুলাইয়ে সিরিজ চলাকালে চোটে পড়েন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি।

এশিয়ান গেমসে খেলার সম্ভাবনা কম

চোট থেকে ফিরলেও জাপানের নাগোয়াতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে রানার খেলার সম্ভাবনা কম। তবে অক্টোবরের আফগানিস্তান সিরিজের আগে তাঁকে পুরোপুরি ফিট পাওয়ার ব্যাপারে আশাবাদী নির্বাচকেরা।

বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার সূচি রয়েছে। জিম্বাবুয়ে অংশ নিতে রাজি হলে ওয়ানডে সিরিজটি ত্রিদেশীয় টুর্নামেন্টে রূপ নিতে পারে।

আফগানিস্তান সিরিজে বিবেচনায় রানা

ফিটনেস ও দলের প্রয়োজন বিবেচনা করে আফগানিস্তান সিরিজে যেকোনো ফরম্যাটে নাহিদ রানাকে বিবেচনা করা হতে পারে। তবে তাঁকে মাঠে ফেরানোর ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের প্রত্যাশা, অক্টোবরের আগেই রানা পূর্ণাঙ্গ ম্যাচ ফিটনেস ফিরে পাবেন। ধাপে ধাপে বোলিংয়ের পরিমাণ ও তীব্রতা বাড়িয়ে তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর প্রস্তুতি নেওয়া হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!