খেলাধুলা

বোলারদের নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আপডেট: সেপ্টে ০২, ২০২৬ : ০৫:৫২ এএম ১১
বোলারদের নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গতরাতে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা অবশ্য ভালো হয়নি। দুই চারে ইনিংস শুরু করলেও ৮ রানেই আউট হন ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি ৪৪ বলে গড়েন ৪০ রানের জুটি। চারটি চারে ২৭ রান করে ফেরেন দিলারা।

চার নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১০ রানের বেশি করতে পারেননি। তাঁর বিদায়ের পর সোবহানা ও স্বর্ণা আক্তার ১৯ বলে ২৩ রান যোগ করে বাংলাদেশের সংগ্রহ এক শ ছাড়ান।

৪২ বলে ৪০ রান করেন সোবহানা। তাঁর ইনিংসে ছিল দুটি চার। এরপর মিডল ও লোয়ার অর্ডারের চার ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে না পারলেও এক প্রান্ত আগলে আক্রমণাত্মক ব্যাটিং করেন স্বর্ণা।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। মাত্র ১৮ বলে তিনটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৩১ রান করেন স্বর্ণা। ইন্দোনেশিয়ার নি আরিয়ানি নেন তিনটি উইকেট।

৫৮ রানেই অলআউট ইন্দোনেশিয়া

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানের উদ্বোধনী জুটি গড়ে ইন্দোনেশিয়া। এরপরই বাংলাদেশের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।

১৭.৩ ওভারে মাত্র ৫৮ রানে অলআউট হয় ইন্দোনেশিয়া। দলের একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্কে পৌঁছান ওপেনার মারিয়া কোরাজন। তাঁর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১২ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন স্পিনার নাহিদা আক্তার। ১৫ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। পেসার মারুফা আক্তার ৬ রান দিয়ে শিকার করেন দুটি উইকেট। এ ছাড়া সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নেন।

দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার পান নাহিদা আক্তার। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!